রামপাল বিদ্যুৎকেন্দ্রকে এখনো পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে এখনো পরিবেশ ছাড়পত্র দেওয়া হয়নি বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জাতীয় পার্টির এ কে এম মাইদুল ইসলামের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে পরিবেশ ও বনমন্ত্রী বলেন, রামপালে ১৩২০ মেগাওয়াটের তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য যথোপযুক্ত শর্তারোপ করে এ প্রকল্পের অনুকূলে পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন অনুমোদন করা হয়েছে। প্রতিবেদনে প্রস্তাবিত মিটিগেশন মেজার্স যথাযথভাবে বাস্তবায়িত হলে সুন্দরবনের ক্ষতি হওয়ার কোনো আশঙ্কা নেই।
প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সকাল সাড়ে ১০টায় সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়। স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে আনোয়ার হোসেন বলেন, ২০১৫-১৬ অর্থবছরে সুন্দরবনে চার দফা অগ্নিকাণ্ডে পরিবেশসহ লতাগুল্মের ক্ষতি হয়েছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লাখ ৫০ হাজার টাকা। ভবিষ্যতে এ ধরনের ক্ষতি যাতে না হয়, তার জন্য কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে।
সরকারি দলের পিনু খানের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, কোনো ব্যক্তি স্বাধীনতাযুদ্ধের ইতিহাস সম্পর্কে বিকৃত ও বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করলে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। একাত্তরের অত্যাচারী, খুনি ও গণহত্যাকারীদের পক্ষে কথা বললেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে আইন প্রণয়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে বর্তমানে বাংলাদেশের সশস্ত্র বাহিনী ও পুলিশের ৭ হাজার ১২৯ জন সদস্য কর্মরত আছেন বলে জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আনিসুল হক। সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৪ হাজার ৯২৬ জন, নৌবাহিনীর ৫২৪ জন, বিমানবাহিনীর ৬৩৯ জন এবং পুলিশ বাহিনীর ১ হাজার ৪০ জন কর্মরত আছেন।