রামপাল বিদ্যুৎকেন্দ্রে যুক্ত হলো জার্মানির ফিশনার
কয়লাভিত্তিক এক হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার রামপাল বিদ্যুৎকেন্দ্রের ‘ওনার্স ইঞ্জিনিয়ার’ হিসেবে বিশ্বখ্যাত জার্মান কোম্পানি ফিশনারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি। আগ্রহী চারটি আন্তর্জাতিক কোম্পানির মধ্য থেকে যাচাই-বাছাই করে ফিশনারকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানতে চাইলে ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির চেয়ারম্যান, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, ওনার্স ইঞ্জিনিয়ারের কাজ হচ্ছে বিদ্যুৎকেন্দ্রের নকশা প্রণয়ন, বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ঠিকাদার (ইপিসি কন্ট্রাক্টর) নিয়োগ ও যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র চূড়ান্ত করা এবং নির্মাণ পর্যায়ে কাজের তদারকি করা।
ফ্রেন্ডশিপ কোম্পানির সূত্র জানায়, ওনার্স ইঞ্জিনিয়ার নিয়োগের মাধ্যমে রামপাল বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের কাজ আরেক ধাপ এগিয়ে গেল। এখন কয়লা উপদেষ্টা (কোল অ্যাডভাইজার) নিয়োগের প্রক্রিয়া চলছে। তারা প্রকল্পের জন্য কয়লার উৎস, আমদানির প্রক্রিয়া ও ব্যবহারের বিষয়ে কাজ করবে।
ইতিমধ্যে প্রকল্পের মাটি ভরাটের কাজও শেষ হয়েছে। এই বছরের মধ্যেই প্রকল্পের পুরকাজও (সিভিল ওয়ার্ক) শুরু করা হবে। সরকার ২০১৮ সাল নাগাদ রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রটি চালু করার লক্ষ্যে কাজ করছে।
সুন্দরবনের প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার দূরে বাগেরহাটের রামপালে পশুর নদীর তীরে নির্মাণ প্রক্রিয়াধীন এই বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশের সঙ্গে ভারতের বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা চুক্তির অধীন দ্বিতীয় প্রকল্প। প্রথম প্রকল্প হচ্ছে ভারত থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি। রামপাল প্রকল্পটি নিয়ে দেশের বাম রাজনীতিক ও পরিবেশ আন্দোলনে সক্রিয় সংগঠনগুলো আপত্তি জানিয়ে আসছে। আপত্তির কারণ হিসেবে তারা এই প্রকল্পের কারণে সুন্দরবন ধ্বংস হয়ে যাওয়ার কথা বলছে।
চীনের সঙ্গে যৌথ উদ্যোগে পটুয়াখালীতে এক হাজার ৩২০ মেগাওয়াটের আরেকটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কাজও শুরু করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী, ২০২১ সালের মধ্যে পাঁচ হাজার ও ২০৩০ সালের মধ্যে ২০ হাজার মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হবে।
এই ২০ হাজার মেগাওয়াটের মধ্যে ১১ হাজার মেগাওয়াট করা হবে দেশের কয়লা তুলে। আর নয় হাজার মেগাওয়াট হবে আমদানি করা কয়লায়। তবে সুবিধাজনক হলে আমদানি করা কয়লা দিয়েও ২০ হাজার মেগাওয়াটের বেশির ভাগ বিদ্যুৎ উৎপাদনের পদক্ষেপ নেওয়া হতে পারে বলে সরকারের নির্ভরযোগ্য সূত্র জানায়।