রামপাল বিদ্যুৎকেন্দ্রের ঋণচুক্তি আগামী মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্রটির নির্মাণকাজ মধ্যপর্যায়ে রয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালের জুলাই মাসে এই কেন্দ্রটিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়ার কথা

দেশে-বিদেশে বহুল আলোচিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের ঋণচুক্তি সই হবে অক্টোবর মাসে। এ ব্যাপারে গত ২৬-২৭ আগস্ট ভারতের এক্সিম ব্যাংকের সঙ্গে সরকারের প্রাক্-চুক্তি আলোচনা শেষ হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ঋণচুক্তির খসড়া নিয়ে অনমনীয় ঋণ (কনসেশনাল লোন) কমিটির সভা হয়েছে। তবে সভার সিদ্ধান্ত লিখিত আকারে (মিনিটস) এখনো তৈরি হয়নি।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সূত্র জানায়, লিখিতভাবে সিদ্ধান্ত তৈরির পর চুক্তির খসড়াটি আইন মন্ত্রণালয়ের মতামতের জন্য (ভেটিং) পাঠানো হবে। ওই মতামত পাওয়ার পরই চুক্তিটি সই হবে। অবশ্য ঋণ চুক্তিটি চলতি মাসের মধ্যেই সই করার পরিকল্পনা ছিল। কিন্তু তা হচ্ছে না। তবে উল্লিখিত প্রক্রিয়া শেষে ঋণচুক্তি সইয়ের পাশাপাশি আগামী মাসেই বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজও শুরু হতে পারে। এই কেন্দ্রের কয়লার উৎস নির্ধারণের জন্য বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম এখন দক্ষিণ আফ্রিকা সফর করছেন। ইন্দোনেশিয়াতেও কয়লার উৎস সন্ধান চলছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ জুলাই ভারত হেভি ইলেকট্রিক্যাল লিমিটেডের (ভেল) সঙ্গে রামপাল কেন্দ্রটির নির্মাণচুক্তি সই হওয়ার পর গত ২৩-২৫ আগস্ট ‘কিক অফ মিটিং’ অনুষ্ঠিত হয়েছে। সেখানে কেন্দ্রটি নির্মাণের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এরপর কয়েকটি অপরিহার্য সমীক্ষাও (টপোগ্রাফিক ও ব্যাথেমেট্রিক সার্ভে এবং জিওটেকনিক্যাল ইনভেস্টিগেশন) সম্পন্ন হয়েছে। নির্মাণ শেষে কেন্দ্রটি চালু করার জন্য যে বিদ্যুৎ দরকার হবে, তা সরবরাহের জন্য ‘২৩০ কেভি স্টার্ট-আপ পাওয়ার’ লাইন তৈরির কাজও শুরু হয়েছে।
তবে সরকারের পরিকল্পিত অধিকাংশ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের কাজ অগ্রসর হচ্ছে না। সরকার বর্তমানে ২৩টি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। এর মধ্যে সাতটি সরকারি, আটটি বেসরকারি এভং আটটি বিভিন্ন দেশের সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে গৃহীত প্রকল্প। এই ২৩টি কেন্দ্রের সব মিলিয়ে মোট উৎপাদন ক্ষমতা ২০ হাজার ৬২২ মেগাওয়াট। তবে এর মধ্যে মাত্র চারটি কেন্দ্রের কাজ এগোচ্ছে। বৃহস্পতিবার বিদ্যুৎ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক সভায় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।
কয়লাভিত্তিক যে চারটি কেন্দ্রের কাজ অগ্রসর হচ্ছে সেগুলো হলো বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগের রামপাল, বাংলাদেশ-চীন যৌথ উদ্যোগে পায়রা, সরকারি খাতের বড়পুকুরিয়া (তৃতীয় ইউনিট) এবং বেসরকারি খাতের এস আলম গ্রুপের চট্টগ্রাম বিদ্যুৎকেন্দ্র। এর প্রথম দুটি ১ হাজার ৩২০ মেগাওয়াট করে, তৃতীয়টি ২৭৫ মেগাওয়াট এবং চতুর্থটি ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার।
পটুয়াখালীর পায়রা বিদ্যুৎকেন্দ্রের ভূমি উন্নয়নের কাজ শেষ পর্যায়ে। পুনর্বাসন ও বৃক্ষ রোপণের কাজও শুরুর পথে। চীনে ২-৫ সেপ্টেম্বর এই প্রকল্পের ঋণের বিষয়ে আলোচনা (নেগোসিয়েশন) সম্পন্ন হয়েছে। চীনের এক্সিম ব্যাংক এ প্রকল্পের জন্য ঋণ দিচ্ছে। ৮ সেপ্টেম্বর এই প্রকল্পের বাস্তবায়ন চুক্তি (আইএ) এবং বিদ্যুৎ কেনা-বেচার চুক্তি (পিপিএ) সই হয়েছে। মন্ত্রণালয় সূত্র জানায়, রামপাল কেন্দ্রের পরপরই হয়তো পায়রা কেন্দ্রটির নির্মাণকাজও শুরু করা যাবে।
বড়পুকুরিয়া ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কেন্দ্রটির নির্মাণকাজ মধ্যপর্যায়ে রয়েছে। কর্মপরিকল্পনা অনুযায়ী ২০১৮ সালের জুলাই মাসে এই কেন্দ্রটিতে বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়ার কথা।