রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ সরকার চালাবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সভার সিদ্ধান্তগুলো গত রোববার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। তাতে দেখা যায়, এসইএ যত দ্রুত সম্ভব সম্পন্ন করে বিশ্ব ঐতিহ্য কমিটির কাছে তা পেশ করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে এসইএ সম্পন্ন না হওয়া পর্যন্ত সুন্দরবন ও পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের অবকাঠামো ও শিল্প স্থাপনা নির্মাণ বন্ধ রাখার কথা বলা হয়েছে। রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজকে অনুমোদন করা বা ছাড় দেওয়ার কোনো তথ্য ওই চূড়ান্ত সিদ্ধান্তে নেই।

সংবাদপত্রে ইউনেসকোর সিদ্ধান্ত বিস্তারিতভাবে প্রকাশিত হওয়ার পর সরকারের পক্ষ থেকে গতকাল সোমবার জ্বালানি উপদেষ্টা এই সংবাদ সম্মেলন করেন। তিনি খসড়া সিদ্ধান্তের মুসাবিদা এবং চূড়ান্ত সিদ্ধান্তের কপি দেখিয়ে বলেন, প্রাথমিক খসড়ায় রামপাল বিদ্যুৎকেন্দ্রের কাজ বন্ধ রাখার কথা নির্দিষ্টভাবে বলা হয়েছিল। চূড়ান্ত সিদ্ধান্তে তা বাদ দেওয়া হয়েছে। সুতরাং সরকার এ বিষয়ে কোনো ভুল তথ্য দেয়নি।

এদিকে গতকাল ইউনেসকো বাংলাদেশ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ব ঐতিহ্যের তালিকায় শুধু নাম লিপিবদ্ধ করা নয়, বিশ্ব ঐতিহ্যের
সুরক্ষা কতটুকু নিশ্চিত করা হচ্ছে, তা পরীক্ষা করাও বিশ্ব ঐতিহ্য কমিটির কাজ। বিজ্ঞপ্তিতে বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সাধারণ সভায় সুন্দরবন বিষয়ে গৃহীত ১১টি সিদ্ধান্ত তুলে দেওয়া হয়।

ওই সিদ্ধান্তের রামপাল প্রকল্প নিয়ে ২০১৬ সালে ইউনেসকোর রিঅ্যাক্টিভ মনিটরিং মিশনের করা অন্যান্য সুপারিশও পরিপূর্ণভাবে বাস্তবায়নে ধারাবাহিক পদক্ষেপ নিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

২০১৬ সালের জুলাইয়ে বাংলাদেশ সরকারের কাছে পাঠানো ওই প্রতিবেদনে সুন্দরবনের পাশে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিল করার জন্য সুপারিশ করা হয়েছিল। বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হলে সুন্দরবনের অপূরণীয় ক্ষতি হবে উল্লেখ করে প্রকল্পটি নিরাপদ স্থানে সরিয়ে নিতেও বলা হয়েছিল।

এদিকে রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরকার একগুঁয়েমি, মিথ্যাচার ও প্রতারণা করছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ এবং সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল এক যুক্ত বিবৃতিতে এ অভিযোগ করেন।

উপদেষ্টার সংবাদ সম্মেলন

গতকাল বিকেলে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর জ্বালানি উপদেষ্টা বলেন, বিশ্ব ঐতিহ্য কমিটির খসড়া প্রতিবেদনে সুন্দরবনের আশপাশে রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ বড় শিল্প ও অবকাঠামো নির্মাণের অনুমতি না দেওয়ার জন্য সরকারকে অনুরোধ করা হয়েছিল।

কমিটির চূড়ান্ত সিদ্ধান্তে (রেজল্যুশন) রামপাল বিদ্যুৎকেন্দ্রের কথা বাদ দেওয়া হয়েছে। সুন্দরবন বিপন্ন হবে বলে যে কথা তারা আগে বলেছিল, এখন তাও বলছে না। কারণ, সরকারের পরিকল্পনা তারা বুঝতে পেরেছে। সুন্দরবনের আশপাশে অন্যান্য শিল্প ও অবকাঠামো তৈরির অনুমতি বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তকে বিশ্ব ঐতিহ্য কমিটি স্বাগত জানিয়েছে।

উপদেষ্টা বলেন, ২০১৬ সালে ইউনেসকোর প্রতিনিধিদলটির (রিঅ্যাক্টিভ মিশন) অন্য সব সুপারিশ পুরোপুরি বাস্তবায়নে অব্যাহত চেষ্টা চালাতে এবং যত তাড়াতাড়ি সম্ভব এসইএ প্রতিবেদন তাদের কাছে উপস্থাপনের জন্য বিশ্ব ঐতিহ্য কমিটি সরকারের প্রতি অনুরোধ জানিয়েছে। সরকার এর সঙ্গে একমত পোষণ করেছে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, পূর্ণাঙ্গ এসইএ প্রতিবেদন তৈরি করতে অন্তত দুই বছর সময় লাগবে। তবে ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে একটি খসড়া প্রতিবেদন (প্রগ্রেস রিপোর্ট) বিশ্ব ঐতিহ্য কমিটির কাছে উপস্থাপন করা হবে। এসইএ প্রতিবেদনে যদি দেখা যায় যে রামপাল প্রকল্পের বিরূপ প্রভাব সম্পর্কে যেসব ধারণা করা হয়েছিল তা সত্যি, তাহলে তা নিরসনের কার্যক্রম (মিটিগেশন মেজার্স) নেওয়া হবে। ওই অঞ্চলে অন্যান্য বড় শিল্প ও অবকাঠামো নির্মাণের ব্যাপারেও সিদ্ধান্ত নেওয়া হবে ওই প্রতিবেদনের ভিত্তিতে।

উপদেষ্টা বলেন, কোনো কোনো পত্রপত্রিকায় বিশ্ব ঐতিহ্য কমিটির সিদ্ধান্ত সম্পর্কে এমনভাবে ব্যাখ্যামূলক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে, যাতে মনে হতে পারে সরকারের পক্ষ থেকে আগে যা বলা হয়েছে তা ভুল বা মিথ্যা। কিন্তু সরকারের পক্ষ থেকে জেনেবুঝেই কথা বলা হয়েছে। সংবাদ ব্রিফিংয়ে বিদ্যুৎসচিব আহমদ কায়কাউস, পিডিবির চেয়ারম্যান খালেদ মাহমুদ ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেইন উপস্থিত ছিলেন। তবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন না।

জাতীয় কমিটির প্রতিক্রিয়া

তেল-গ্যাস–খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির বিবৃতিতে বলা হয়, সরকার জনগণের অর্থ খরচ করে দলেবলে ইউনেসকোকে প্রভাবিত করার চেষ্টা করেছিল। এরই অংশ হিসেবে বলা হচ্ছে, রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন সম্পর্কে ইউনেসকো তার আপত্তি প্রত্যাহার করেছে।

বিবৃতিতে বলা হয়, ইউনেসকোর প্রকাশিত সিদ্ধান্তে স্পষ্ট দেখা যাচ্ছে, কৌশলগত পরিবেশ সমীক্ষা (এসইএ) না হওয়া পর্যন্ত সুন্দরবন ও এর পার্শ্ববর্তী এলাকায় কোনো ধরনের শিল্প ও অবকাঠামো করা যাবে না। রামপাল বিদ্যুৎকেন্দ্র এ ধরনের স্থাপনার সংজ্ঞার অন্তর্ভুক্ত। রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে ইউনেসকোর সমীক্ষা দলের আগের সুপারিশ পূর্ণ বাস্তবায়ন করতে হবে। এতে বলা হয়েছিল, সুন্দরবন রক্ষার জন্য এই বিদ্যুৎকেন্দ্র অবশ্যই বন্ধ অথবা সুন্দরবন এলাকা থেকে সরাতে হবে।

জাতীয় কমিটির নেতারা একগুঁয়েমি ত্যাগ করে বৈজ্ঞানিক বিশ্লেষণ ও জনমতের প্রতি শ্রদ্ধা জানিয়ে রামপাল চুক্তি বাতিলসহ সুন্দরবনবিনাশী সব তৎপরতা বন্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে তারা ‘সুন্দরবন নীতিমালা’ গ্রহণ করে এর বিকাশে সব ধরনের উদ্যোগ গ্রহণের জন্যও বলেছে।

ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সভায় সুন্দরবন নিয়ে ১১ সিদ্ধান্ত

গত ২-১২ জুলাই পোল্যান্ডের ক্রাকাও শহরে ইউনেসকোর বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম সভা অনুষ্ঠিত হয়। সেখানে অন্যান্য বিশ্ব ঐতিহ্যের মতো সুন্দরবন বিষয়েও ১১টি সিদ্ধান্ত হয়। এগুলোর গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হলো:

তিন নম্বর সিদ্ধান্তে সুন্দরবনের পাশে প্রস্তাবিত ওরিয়ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র ও রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় পর্যায় অনুমোদন না করার ব্যাপারে বাংলাদেশের সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

চতুর্থ সিদ্ধান্তে রামপাল বিদ্যুৎকেন্দ্রের প্রভাব নিয়ে সুন্দরবন ও বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম এলাকায় একটি কৌশলগত পরিবেশ প্রভাব সমীক্ষা (এসইএ) চালানোর যে সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিয়েছে, তাকে স্বাগত জানানো হয়েছে।

এসইএ সমীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ওই অঞ্চলে কোনো বৃহদাকার শিল্প বা অবকাঠামো নির্মাণ না করার বিষয়টি নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ জানানো হয়েছে। এসইএ যত দ্রুত সম্ভব সম্পন্ন করে একটি প্রতিবেদন বিশ্ব ঐতিহ্য কেন্দ্রে পাঠাতে হবে। বিশ্ব ঐতিহ্যকেন্দ্র এটি ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচারকে (আইইউসিএন) দিয়ে পর্যালোচনা করে নেবে।

পঞ্চম সিদ্ধান্তে সুন্দরবনের প্রতিবেশগত পর্যবেক্ষণ প্রতিবেদন দেওয়ার জন্য স্বাগত জানানো হয়েছে। এ ছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততা বৃদ্ধি, স্বাদু পানির প্রবাহ কমে যাওয়ার বিষয়গুলো সুন্দরবনের বাস্তুসংস্থানের ওপর যে হুমকি সৃষ্ট করেছে, তা নিয়ে বাংলাদেশের উদ্বেগ জানানোকে স্বাগত জানিয়ে বলা হয়েছে, এই হুমকির কারণে সুন্দরবন বিশেষভাবে ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

ষষ্ঠ সিদ্ধান্তে বলা হয়েছে, বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে পুরো সুন্দরবনের ব্যাপারে বাংলাদেশ (সুন্দরবন) ও ভারতের (সুন্দরবন ন্যাশনাল পার্ক) আন্তসীমান্ত সহযোগিতার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সহযোগিতা বাড়াতে উভয় দেশের সরকারের উদ্যোগকে স্বাগত জানিয়ে দুই সুন্দরবনেই পর্যাপ্ত স্বাদু পানির প্রবাহ নিশ্চিত করার বিষয়ে ২০১৬ সালে ইউনেসকোর মিশনের করা সুপারিশ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।

এ ছাড়া প্রতিবেদনে রামপাল প্রকল্পের ইআইএকে অসম্পূর্ণ ও প্রশ্নবিদ্ধ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে, এটি তৈরি করার ক্ষেত্রে সব পক্ষের মতামত সঠিকভাবে নেওয়া হয়নি, অর্থাৎ সীমিত কিছু মানুষের সঙ্গে কথা বলা হয়েছে, যা ইআইএ করার আন্তর্জাতিক গ্রহণযোগ্য পদ্ধতি নয়। সুন্দরবনের বৃক্ষরাজির ওপর প্রভাবের বিষয়টি ওই সমীক্ষায় উঠে আসেনি। বাংলাদেশে ও আন্তর্জাতিক ক্ষেত্রে এ বিষয়ে কাজ করা বিজ্ঞানীদের মতামতও নেওয়া হয়নি।

মিশন তাদের প্রতিবেদনে রামপাল প্রকল্পের কারণে সুন্দরবনের ওপর চার ধরনের ক্ষতিকর প্রভাব পড়বে বলে মনে করছে, যা সুন্দরবনের অন্যান্য প্রাকৃতিক সম্পদের অপূরণীয় ক্ষতি করবে। এগুলো হচ্ছে বায়ুদূষণ, পানিদূষণ, শিল্পের পুঞ্জীভূত দূষণ, জাহাজ চলাচল ও নদী খননের প্রভাব।

আট নম্বর সিদ্ধান্তে বলা হয়, সুন্দরবনে জ্বালানি তেল ছড়িয়ে পড়াজনিত পরিস্থিতি মোকাবিলায় বাংলাদেশ সরকার যে ‘ন্যাশনাল অয়েল স্পিল অ্যান্ড কেমিক্যাল কন্টিজেন্সি প্ল্যান’-এর (এনওএসসিওপি) খসড়া তৈরিতে যে অগ্রগতি করেছে, তাকে স্বাগত জানানো হয়েছে। সেই সঙ্গে পরিকল্পনা বাস্তবায়নের জন্য পর্যাপ্ত তহবিল জোগান এবং মানবসম্পদের ব্যবহার নিশ্চিত করতে অনুরোধ জানানো হলো। সাম্প্রতিক নৌ–দুর্ঘটনাগুলোতে বিপজ্জনক উপাদান ছড়িয়ে পড়ার দীর্ঘমেয়াদি প্রভাব পর্যবেক্ষণের ব্যাপারে আরও তথ্য দিতে হবে। নৌচলাচলের কারণে ক্ষতিকর প্রভাব কমাতে নৌচলাচল ব্যবস্থাপনা, ড্রেজিংয়ের মতো বিষয়গুলো সম্পর্কেও তথ্য দিতে হবে।

নয় নম্বর সিদ্ধান্তে পশুর নদে পরবর্তী কোনো খনন কার্যক্রম চালানোর আগে সুন্দরবনের অসাধারণ বৈশ্বিক মূল্যের (আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালু) ওপর এর প্রভাব নিয়ে সমীক্ষা চালানোর অনুরোধ জানানো হয়েছে। সেই সঙ্গে পশুর নদ খননের পরিবেশগত প্রভাব সমীক্ষা (ইআইএ) করারও অনুরোধ জানানো হয়েছে।

দশ নম্বর সিদ্ধান্তে কমিটি উদ্বিগ্ন জানিয়ে বলেছে, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করা হলে সুন্দরবনে পরিবেশগত প্রভাব পড়বে। বায়ু ও পানিদূষণ বাড়বে। নৌচলাচল ও ড্রেজিং বেড়ে যাবে। মিঠা পানি কমে যাবে। এর মধ্যেই ওই অঞ্চলের পানিতে লবণাক্ততা বেড়ে গেছে। বিশ্ব ঐতিহ্য কমিটির ৪১তম অধিবেশনের সিদ্ধান্ত অনুসারে কমিটি কৌশলগত পরিবেশ মূল্যায়নের (এসইএ) অংশ হিসেবে এসবের প্রভাব নিরূপণ নিশ্চিত করতে হবে বাংলাদেশকে। ঝুঁকি কমাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। সুন্দরবনের আউটস্ট্যান্ডিং ইউনিভার্সাল ভ্যালুর (ওইউভি) ওপর ক্ষতিকর প্রভাব এড়াতে বাংলাদেশকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

সবশেষে সিদ্ধান্ত হিসেবে বাংলাদেশকে অনুরোধ করা হয়েছে, যেসব শর্ত দেওয়া হয়েছে, সেগুলো বাস্তবায়নের অগ্রগতি উল্লেখ করে একটি প্রতিবেদন ২০১৮ সালের পয়লা ডিসেম্বরের মধ্যে বিশ্ব ঐতিহ্য কমিটির কাছে জমা দিতে হবে। কমিটির ২০১৯ সালে অনুষ্ঠেয় ৪৩তম অধিবেশনে ওই প্রতিবেদন যাচাই-বাছাই করা হবে।