বহুল আলোচিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ চুক্তি সই হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রাত সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই হয়। এর মাধ্যমে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর্যায় শুরু হলো।
অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় দুই দেশের সবাই এই চুক্তিকে বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতার মাইলফলক বলে অভিহিত করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্রকে পৃথিবীতে উদাহরণ সৃষ্টিকারী মানসম্পন্ন করে স্থাপন করা এবং ২০১৯ সালের মধ্যে এই কেন্দ্রে উৎপাদন শুরুর বিষয়েও তাঁরা সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।
আজ বুধবার বিকেলে বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সভা হবে। এ উপলক্ষে ঢাকায় আসা ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতিতে গতকাল চুক্তি সই হয়। এ চুক্তিতে সই করেন ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল)’ ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য ও নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ভারত হেভি ইলেকট্রিক লিমিটেডের (বিএইচইএল বা ভেল) মহাব্যবস্থাপক প্রেম পাল যাদব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, ভারতের বিদ্যুৎসচিব প্রদীপ কুমার পূজারি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়া, এনটিপিসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গুরুদীপ সিং প্রমুখ বক্তব্য দেন।
আজ সকালে দুই দেশের একটি যৌথ প্রতিনিধিদল রামপাল সফর এবং বিদ্যুৎকেন্দ্রের কাজের অগ্রগতি
পর্যালোচনা করবে। সেখান থেকে ফেরার পর বিকেলে অনুষ্ঠিত হবে যৌথ স্টিয়ারিং কমিটির সভা। দুই দেশের বিদ্যুৎ খাতে সহযোগিতার ক্ষেত্র চিহ্নিত করা, প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়ার জন্য ২০১০ সাল থেকে সচিব পর্যায়ের এই কমিটি কাজ করছে। এ ছাড়া কর্মকর্তা পর্যায়ে রয়েছে একটি যৌথ ওয়ার্কিং গ্রুপ। আজ সকালে এই গ্রুপের সভা হবে।
এবারের যৌথ স্টিয়ারিং কমিটির সভায় আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে রামপালে বড় আকারের একটি সৌর বিদ্যুৎকেন্দ্র স্থাপন, ভারত থেকে আরও বিদ্যুৎ আমদানি, নেপাল ও ভুটানে দুই দেশের যৌথ বিনিয়োগে বিদ্যুৎ উৎপাদন, ভারতের কয়েকটি বড় কোম্পানি (আদানি, রিলায়েন্স ও শাপুরজি পালনজি) বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ ও বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যেসব প্রস্তাব দিয়েছে তার অগ্রগতি প্রভৃতি।
রামপাল বিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা।
এখন পর্যন্ত এই কেন্দ্রে ব্যবহারের জন্য কয়লার উৎস, কয়লা আনার প্রক্রিয়া ও পদ্ধতি নিশ্চিত হয়নি। এ ব্যাপারে সমীক্ষা চালানো হচ্ছে। বিআইএফপিসিএলের একটি সূত্র বলেছে, কেন্দ্রটি নির্মাণে যে সময় লাগবে, তার মধ্যেই কয়লার উৎস ও আমদানির প্রক্রিয়া-পদ্ধতি নিশ্চিত করার জন্য যথেষ্ট সময় তাদের হাতে আছে। এই কেন্দ্রের জন্য প্রতিদিন কয়লা লাগবে প্রায় ১০ হাজার মেট্রিক টন।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণস্থল ও পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) নিয়ে পরিবেশবাদী সংগঠনের তীব্র আপত্তি রয়েছে। তারা এই কেন্দ্রটিকে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনের ধ্বংসকারী হিসেবে অভিহিত করে এটি অন্য কোথাও স্থানান্তরের দাবি জানিয়ে আসছে। কেন্দ্রটির নির্মাণস্থল সুন্দরবনের বাংলাদেশ অংশের উত্তর-পশ্চিম প্রান্তসীমা থেকে ১৪ কিলোমিটার দূরে।
সরকার ও বিআইএফপিসিএল বলে আসছে, পরিবেশবিজ্ঞানী, গবেষক ও এ-সংক্রান্ত উচ্চতর প্রকৌশল জ্ঞানসম্পন্ন ব্যক্তিদের পরামর্শ নিয়েই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। তা ছাড়া এই প্রকল্পে সর্বাধুনিক প্রযুক্তি (সুপার ক্রিটিক্যাল) ব্যবহৃত হবে। তাই সুন্দরবনের কোনো ক্ষতির আশঙ্কা অমূলক। গতকাল চুক্তি সই অনুষ্ঠানেও তারা একই কথা বলেছে।
রামপাল বিদ্যুৎকেন্দ্রে উৎপাদিত বিদ্যুতের দাম হবে উৎপাদন খরচের সঙ্গে কিছু মুনাফা যুক্ত করে। অর্থাৎ এ ক্ষেত্রে সরকার কোনো ভর্তুকি দেবে না। প্রতি কিলোওয়াট বিদ্যুতের দামের বিপরীতে স্থানীয় উন্নয়নের জন্য তিন পয়সা করে একটি তহবিলে রাখার সিদ্ধান্ত নিয়েছে বিআইএফপিসিএল। এতে বছরে প্রায় ২৭ কোটি টাকা জমা হবে। এই টাকা স্থানীয় রাস্তাঘাট, হাসপাতাল ও অন্যান্য সামাজিক উন্নয়নমূলক কাজে ব্যয় করা হবে।