রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ-প্রক্রিয়া জোরদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ-প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী ২২ অক্টোবর বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য রামপাল যাচ্ছেন না। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।
জানতে চাইলে বিদ্যুৎসচিব ও বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানির চেয়ারম্যান মনোয়ার ইসলাম প্রথম আলোকে বলেন, ৩ অক্টোবর ভেড়ামারায় ভারত থেকে বিদ্যুৎ আমদানির কেন্দ্র উদ্বোধনের সময় দুই প্রধানমন্ত্রী রামপাল বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপনের আনুষ্ঠানিকতা ঘোষণা করেন। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং রামপালের জন্য আলাদা সময় দিতে না পারায় এ ব্যবস্থা করা হয়।
সচিব বলেন, বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণ-প্রক্রিয়া আরও ত্বরান্বিত করা হয়েছে। পরে কোনো সুবিধাজনক সময়ে প্রকল্পের ‘গ্রাউন্ড ব্রেকিং’ বা অন্য কোনো রকম আনুষ্ঠানিকতার আয়োজন করা হবে। তাই এখন আর কোনো আনুষ্ঠানিকতার আয়োজন করা হচ্ছে না।
কোম্পানির সূত্রগুলো জানায়, রামপালের নির্ধারিত জায়গাটিতে মাটি ভরাট শেষ করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উপযোগী করার কাজ আগামী ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করা হবে। একই সময়ের মধ্যে প্রকল্পের পরামর্শক নিয়োগ করা হবে। পরামর্শক নিয়োগের ছয় মাসের মধ্যে বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ ঠিকাদার (ইপিসি কন্ট্রাক্টর) নিয়োগ ও যন্ত্রপাতি কেনার জন্য দরপত্র চূড়ান্ত করা হবে। প্রকল্পের কাজ (সিভিল ওয়ার্ক) শুরু করা হবে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে।
এর পাশাপাশি সমুদ্র মোহনার আকরাম পয়েন্ট থেকে পশুর নদের তীরবর্তী প্রকল্প এলাকা পর্যন্ত নদীর তলদেশ খনন-প্রক্রিয়া শুরু করা হয়েছে। এর একাংশ করবে মংলা বন্দর কর্তৃপক্ষ আর একাংশ করবে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)। মংলা বন্দর কর্তৃপক্ষ ইতিমধ্যে একটি চীনা কোম্পানির সঙ্গে খননের একটি চুক্তিও করেছে। ওই চুক্তির অধীনে শিগগিরই কাজ শুরু হবে।
কয়লা আমদানির জন্য তিনটি উৎস নির্ধারণ করা হয়েছে। এগুলো হচ্ছে—ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। সার্বিক সুবিধা বিবেচনায় শেষ পর্যন্ত এর যে উৎস থেকেই কয়লা আনা হোক, তাদের সঙ্গে চুক্তি করা হবে ২০১৫ সালে, বিদ্যুৎকেন্দ্র চালু হওয়ার তিন বছর আগে।
এদিকে আকরাম পয়েন্ট থেকে রামপাল কেন্দ্রে কয়লা পরিবহনের জন্য দেশের একাধিক জাহাজ কোম্পানির মালিকেরা বিদ্যুৎ প্রকল্পের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছেন। একইভাবে বিদ্যুৎকেন্দ্রে ব্যবহূত কয়লার ছাই কেনার জন্য বিভিন্ন সিমেন্ট কারখানার কর্তৃপক্ষ যোগাযোগ করছেন।
এ রকম একটি সিমেন্ট কারখানার একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেন, বর্তমানে তাঁরা ভারত থেকে ছাই আনেন। সেই ছাইয়ের দাম কম হলেও শুল্ক ও পরিবহন ব্যয়ের কারণে প্রতি মেট্রিক টনের দাম পড়ে প্রায় ৮০০ টাকা। রামপাল থেকে ছাই পাওয়া গেলে দাম এর চেয়ে অনেক কম হবে।
এসব বিষয় এবং প্রকল্প বাস্তবায়নের সময়সূচি সম্পর্কে জানতে চাইলে কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিজয় শংকর তাম্রকার বলেন, ২০১৮ সালের মধ্যে উৎপাদন শুরু করার লক্ষ্যে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সব কাজ দ্রুত করার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, কয়লা পরিবহন, ছাই বিক্রি প্রভৃতি সবই হবে প্রতিযোগিতামূলক দরপত্রের মাধ্যমে।