রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বন্ধের দাবি
রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরের কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক সমাবেশে বক্তারা এ দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, মানুষ বিদ্যুৎ চায়। তবে সুন্দরবনকে ধ্বংস করে নয়। দক্ষিণাঞ্চলের মানুষকে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে এই সুন্দরবন।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের আশপাশে সুন্দরবনের জমি দখলের হিড়িক পড়েছে উল্লেখ করে বক্তারা অভিযোগ করেন, সরকারি দলের লোকজন ও ব্যবসায়ীরা সেখানে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছেন। আর রামপাল প্রকল্পের ভূমি উন্নয়ন ও মাটি ভরাটের কাজ নিয়েও দুর্নীতি চলছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) চট্টগ্রাম জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য অমৃত বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাসদের চট্টগ্রাম জেলা কমিটির সমন্বয়ক মহিন উদ্দিন, গণসংহতি আন্দোলন চট্টগ্রামের সমন্বয়ক হাসান মারুফ, সিপিবির চট্টগ্রাম জেলা কমিটির নির্বাহী সদস্য রাহাত উল্লাহ প্রমুখ।
সমাবেশ শেষে শহীদ মিনার প্রাঙ্গণ থেকে একটি মিছিল বের হয়। মিছিলটি নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে নিউমার্কেট মোড়ে এসে শেষ হয়।