রামপাল বিদ্যুৎকেন্দ্রের নির্মাণে চুক্তি সই
বহুল আলোচিত রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ চুক্তি সই হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার একটি অভিজাত হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রাত সাড়ে আটটায় আনুষ্ঠানিকভাবে চুক্তিটি সই হয়। এর মাধ্যমে রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পর্যায় শুরু হলো।
অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় দুই দেশের সবাই এই চুক্তিকে বিদ্যুৎ খাতে বাংলাদেশ-ভারত সহযোগিতার মাইলফলক বলে অভিহিত করেন। রামপাল বিদ্যুৎকেন্দ্রকে পৃথিবীতে উদাহরণ সৃষ্টিকারী মানসম্পন্ন করে স্থাপন করা এবং ২০১৯ সালের মধ্যে এই কেন্দ্রে উৎপাদন শুরুর বিষয়েও তাঁরা সবাই অঙ্গীকার ব্যক্ত করেন।
আগামীকাল বুধবার বিকেলে বাংলাদেশ-ভারত যৌথ স্টিয়ারিং কমিটির সভা হবে। এ উপলক্ষে ঢাকায় আসা ভারতের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের উপস্থিতিতে আজ চুক্তি সই হয়। এ চুক্তিতে সই করেন ‘বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিআইএফপিসিএল)’ ব্যবস্থাপনা পরিচালক উজ্জ্বল কান্তি ভট্টাচার্য ও নির্মাণ ঠিকাদারি প্রতিষ্ঠান ‘ভারত হেভি ইলেকট্রিক লিমিটেডের (বিএইচইএল বা ভেল) মহাব্যবস্থাপক প্রেম পাল যাদব।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব মো. আবুল কালাম আজাদ, বিদ্যুৎসচিব মনোয়ার ইসলাম, ভারতের বিদ্যুৎসচিব প্রদীপ কুমার পূজারি, বাংলাদেশে ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা, পিডিবির চেয়ারম্যান শামসুল হাসান মিয়া, এনটিপিসির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক গুরুদীপ সিং প্রমুখ বক্তব্য দেন।
রামপাল বিদ্যুৎ প্রকল্পের মোট ব্যয় নির্ধারণ করা হয়েছে প্রায় ১৬ হাজার কোটি টাকা।