রামপাল বিদ্যুৎকেন্দ্রের সমীক্ষা প্রতিবেদন বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের পাশে বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে নির্মাণাধীন রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের সমীক্ষা প্রতিবেদন বাতিলের দাবি জানিয়েছে কয়েকটি পরিবেশবাদী ও মানবাধিকার সংগঠন। একই সঙ্গে তারা অবিলম্বে প্রকল্পের কাজ বন্ধ করতে বলেছে। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই দাবি জানানো হয়। ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বিষয়ে সরকারি পরিবেশগত প্রতিবেদন, জনমত পর্যালোচনা ও বাস্তবতা’ শীর্ষক সংবাদ সম্মেলনে সংগঠনগুলো দাবি করে, প্রকল্পটির কাজে সততা, স্বচ্ছতা ও নীতিহীনতার ছাপ রয়েছে। নিয়ম অনুযায়ী প্রকল্প শুরুর আগেই পরিবেশগত সমীক্ষা করতে হয়। কিন্তু এ প্রকল্পে ভারতীয় পক্ষের সঙ্গে চুক্তি সম্পাদন, জমি অধিগ্রহণ, মাটি ভরাট এবং দুই পক্ষ মিলে কোম্পানি গঠনের পর একটি লোক দেখানো সমীক্ষা প্রণয়ন করা হয়েছে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্ট, সেভ দ্য সুন্দরবন, বাগেরহাট ডেভেলপমেন্ট কমিশন, রামপাল কৃষিজমি রক্ষা কমিটি ও গ্রিন ভয়েস যৌথভাবে এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন বাপার সাধারণ সম্পাদক আবদুল মতিন, যুগ্ম সম্পাদক ইকবাল হাবিব, জাতীয় কমিটির গবেষক কল্লোল মোস্তফা, বাগেরহাট উন্নয়ন কমিশনের জাকির হোসেন প্রমুখ।