রামপাল-মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

বাগেরহাটের রামপাল ও কক্সবাজারের মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) অনিয়ম ও ভূমি অধিগ্রহণে দুর্নীতি হয়েছে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এই প্রতিবেদন প্রকাশ করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থাপিত প্রতিবেদনে বলা হয়, প্রকল্প দুটিতে দুর্নীতি হয়েছে মূলত ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের ক্ষতিপূরণ প্রদানে। প্রতিটি ক্ষতিপূরণের ফাইল প্রক্রিয়া করতে প্রাপ্ত ক্ষতিপূরণের ১০ শতাংশ পর্যন্ত ঘুষ দিতে হয়েছে। নগদ অর্থে ঘুষ দিতে না পারায় অনেকে সময়মতো ক্ষতিপূরণের টাকা পাননি। তা ছাড়া, ভুয়া ক্ষতিগ্রস্ত দেখিয়ে অনেককে ক্ষতিপূরণ দেওয়া হয়। এই ঘটনা প্রকাশ পাওয়ার পর সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ মাতারবাড়ী প্রকল্পের বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও করেছে স্থানীয় প্রশাসন।
গবেষণায় ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে পাওয়া দুর্নীতির ঘটনা সব ক্ষতিগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য নয় বলে উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে। বলা হয়, তবে এটি ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ পাওয়ার ক্ষেত্রে চলমান সমস্যা, অনিয়ম ও দুর্নীতির ধরন সম্পর্কে একটি ধারণা দেয়। আর এটি একটি গুণগত গবেষণা। প্রত্যক্ষ ও পরোক্ষ দুই উৎস থেকেই এর তথ্য সংগ্রহ করা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, প্রকল্প দুটির পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) করার ক্ষেত্রে দায়িত্বপ্রাপ্ত প্রতিষ্ঠানের স্বার্থের দ্বন্দ্ব (কনফ্লিক্ট অব ইন্টারনেট) ছিল। সরকারি খাতের রামপাল কেন্দ্রটির ইআইএ করেছে একটি সরকারি প্রতিষ্ঠান। জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন মাতারবাড়ী প্রকল্পের ইআইএ করেছে একটি জাপানি প্রতিষ্ঠান। সর্বোপরি পরিবেশ অধিদপ্তর সংশ্লিষ্ট আইন ও বিধিমালা লঙ্ঘন করে তাতে অনুমোদন দিয়েছে।
অবশ্য পরিবেশ অধিদপ্তর রামপাল প্রকল্পের ইআইএ সম্পর্কে ৫৯টি আপত্তি দিয়েছে বলে উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, এসব আপত্তি নিরসন না করেই প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।
সংবাদ সম্মেলনে প্রকল্প দুটির বাস্তবায়ন-প্রক্রিয়ায় সুশাসন প্রতিষ্ঠার জন্য ১২ দফা সুপারিশ করা হয়। এর মধ্যে রয়েছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ প্রতিষ্ঠান বা ব্যক্তি দিয়ে প্রকল্প দুটির ইআইএ মূল্যায়নের পর পরবর্তী করণীয় নির্ধারণ করা। ভূমি অধিগ্রহণ ও পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী মূল্য নির্ধারণ উপদেষ্টা পর্ষদ ও পুনর্বাসন উপদেষ্টা কমিটি গঠন করে ক্ষতিপূরণ পুনর্বিচার করা। আদালতে প্রকল্প দুটির বিষয়ে দায়ের হওয়া একাধিক রিট আবেদন দ্রুত নিষ্পত্তি করা। প্রকল্প এলাকায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ কেন্দ্র করে স্বল্পসময়ে ক্ষতিপূরণ দেওয়া। এ সংক্রান্ত যেকোনো অভিযোগ আমলে নিয়ে তা নিষ্পত্তি করা প্রভৃতি।
সংবাদ সম্মেলনে টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল বলেন, এসব প্রকল্পের বাস্তবায়ন-প্রক্রিয়া স্থানীয় জনগণের স্বাভাবিক জীবনযাত্রায় যে বিঘ্ন সৃষ্টি করছে, সেটাই টিআইবির উদ্বেগের প্রধান কারণ। প্রকল্প যেখানেই করা হোক না কেন, তার প্রতি সেখানকার জনগণের সমর্থন থাকতে হবে। প্রকল্প এলাকার প্রকৃতি, প্রাণিকুল ও মানুষকে রক্ষা করে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়, অনিয়ম-দুর্নীতিমুক্তভাবে প্রকল্প বাস্তবায়ন করতে হবে।
সংস্থার নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, বিদ্যুৎ খাতের উন্নয়ন একটি অপরিহার্য বিষয়। এ ব্যাপারে সরকারের যে লক্ষ্য, টিআইবি তার বিরোধিতা করছে না। কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন বন্ধ করে দেওয়ার কথাও বলা হচ্ছে না। তবে এর বাস্তবায়ন-প্রক্রিয়ায় যে সমস্যাগুলো রয়েছে—পরিবেশ সংরক্ষণ, প্রকল্পের স্থান নির্ধারণ, ভূমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ দেওয়া প্রভৃতি—তার সমাধান চাওয়া হচ্ছে। দেশে প্রচলিত এ সংক্রান্ত আইনকানুনের দুর্বলতা ও তা প্রয়োগের সমস্যা দূর করার কথা বলা হচ্ছে। প্রতিটি চুক্তি জনসমক্ষে প্রকাশ করা উচিত। সর্বোপরি, দীর্ঘমেয়াদি পরিকল্পনায় নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ওপর জোর দিতে হবে বলে টিআইবি মনে করে।
সংবাদ সম্মেলনে ‘রামপাল ও মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্প: ভূমি অধিগ্রহণ ও পরিবেশগত প্রভাব সমীক্ষায় সুশাসনের চ্যালেঞ্জ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন টিআইবির উপকর্মসূচি ব্যবস্থাপক (রিচার্স অ্যান্ড পলিসি বিভাগ) মোহাম্মদ হোসেন। উপস্থিত ছিলেন সংস্থার উপনির্বাহী পরিচালক সুমাইয়া খায়ের, রিচার্স অ্যান্ড পলিসি বিভাগের পরিচালক মোহাম্মদ রফিকুল হাসান, আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক রিজওয়ান-উল-আলম প্রমুখ।