রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে শুরু করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র—এসব বড় উন্নয়ন প্রকল্পেই পরিবেশের ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি আমলে না নিয়ে উন্নয়ন করতে গেলে ভবিষ্যতে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় দেখা দিতে পারে। যে উন্নয়নের জন্য এত কিছু করা হচ্ছে, তাও টেকসই হবে না। ফলে উন্নয়নকে টেকসই করতে হলে পরিবেশ রক্ষা করে এগোতে হবে।
গতকাল শনিবার রাজধানীতে শুরু হওয়া ‘স্থায়িত্বশীল উন্নয়ন লক্ষ্যমালা ও পরিবেশ’ শীর্ষক বিশেষ সম্মেলনে বক্তারা এ কথা বলেছেন। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও প্রবাসী বাংলাদেশি পরিবেশবাদীদের সংগঠন বাংলাদেশ পরিবেশ নেটওয়ার্ক (বেন) আয়োজিত এই সম্মেলন আজ শেষ হতে যাচ্ছে। গতকাল প্রথম দিনে ১৫টি অধিবেশনে ৬০টি বিষয় উপস্থাপন করা হয়। দেশের ও প্রবাসে থাকা শীর্ষস্থানীয় অর্থনীতিবিদ, গবেষক, পরিবেশকর্মীসহ সরকারের নীতিনির্ধারক পর্যায়ের প্রতিনিধিরা এতে উপস্থিত থাকছেন।
সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বাপার সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘সকালে পত্রিকা খুলেই দেখলাম, সুন্দরবনের কাছে কয়লাবাহী জাহাজডুবি হয়েছে। আমরা সবাই তো জানি, কয়লা ধুলে ময়লা যায় না। সরকারকে এত দিন ধরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের ক্ষতির বিষয়ে আমরা বলে আসছি। কিন্তু সরকার তা কানে নিচ্ছে না।’ পরিবেশবাদীদের রামপালের মতো পরিবেশ ধ্বংসকারী প্রকল্পগুলো নিয়ে আরও সোচ্চার ও শক্তিশালীভাবে চাপ দেওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রামপাল বিদ্যুৎকেন্দ্র নিয়ে সরাসরি কোনো কিছু না বললেও, তিনি রামপাল এলাকায় সরকারি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালনের স্মৃতিচারণা করেন। এখনকার রামপালের অবস্থা বুঝতে আজ অর্থমন্ত্রী রামপাল যাবেন বলেও জানান। তিনি বলেন, বাংলাদেশ সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে যেমন সাফল্য দেখিয়েছে, এসডিজিতেও একই সাফল্য দেখাবে। ২০৩০–এর আগেই ২০২৪–এর মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা বাংলাদেশ অর্জন করবে বলে মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বেনের আন্তর্জাতিক সমন্বয়ক ও অর্থনীতিবিদ নজরুল ইসলাম বলেন, বিগত বছরগুলোতে বাংলাদেশের উন্নয়ন যেমন হয়েছে, তেমনি অসমতা ও পরিবেশের অবক্ষয় বেড়েছে। এসডিজি অর্জন করতে হলে ওই ক্ষেত্রেই উন্নয়ন করতে হবে।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ে মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘আমি নিজে আপনাদের গ্যারান্টি দিচ্ছি, রামপালের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। এ বিষয়ে যেকোনো প্রশ্নের উত্তর ও বিতর্কে আমি রাজি আছি।’
বাপার যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হাবিব বাপা ও দেশের পরিবেশবাদীরা রামপাল নিয়ে যেকোনো উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ গ্রহণ করল বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে জ্বালানিবিষয়ক পর্বে বিদ্যুৎ বিভাগের ভারপ্রাপ্ত সচিব আহমদ কায়কাউস সরকারের বিদ্যুৎ উৎপাদন বিষয়ে পরিকল্পনা তুলে ধরেন।
যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি পারমাণবিক বিদ্যুৎ বিশেষজ্ঞ আহমেদ বদিরুজ্জামান সরকারের রামপাল কয়লাভিত্তিক ও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ঝুঁকিগুলো তুলে ধরে বলেন, জাপানের ফুকুশিমা টোকিও শহর থেকে ৭৫ কিলোমিটার দূরে এবং সেখানে প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা ১৬৪। আর বাংলাদেশে পাবনায় প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যা ২ হাজার ৬১২ জন। জাপানের মতো উন্নত দেশের পক্ষে ওই দুর্ঘটনা সামলানো কঠিন হয়ে পড়েছিল। বাংলাদেশে রূপপুরে যদি দুর্ঘটনা ঘটে, তবে তা সামলানোর মতো প্রস্তুতি, প্রযুক্তি ও আর্থিক সামর্থ্য আছে কি না, সে প্রশ্ন তোলেন তিনি।
যুক্তরাষ্ট্রপ্রবাসী আরেক বিজ্ঞানী দীপেন ভট্টাচার্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিভিন্ন ঝুঁকি তুলে ধরে বলেন, বিশ্বের বেশির ভাগ দেশে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের পাশে সাগর থাকে। আমাদের রূপপুরের পাশে যে নদী রয়েছে, তার সঙ্গে অন্যান্য নদীর আন্তসম্পর্ক রয়েছে। ফলে সেখানে যদি কোনো দুর্ঘটনা হয়, তাহলে তার প্রভাব নদী দিয়ে দেশের বেশির ভাগ এলাকার ওপর পড়তে পারে।