রামপাল-রূপসা পথে বাস চলাচল বন্ধ দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলায় শনিবার সকালে বাসশ্রমিকেরা একটি নসিমন পুড়িয়ে দেন। আর নসিমনের শ্রমিকেরা একটি বাস ভাঙচুর ও বাসচালককে মারধর করেন। এই ঘটনার পর থেকে রামপাল-ভাগা-রূপসা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।গত ২৯ আগস্ট রামপাল-ভাগা-রূপসা সড়কের শ্রীফলতলায় নসিমনের চাপায় বাবুল হাওলাদার (৪২) নামে এক বাসচালকের মৃত্যুর ঘটনার জের ধরে শনিবার সকালে বাসশ্রমিক ও নসিমনের শ্রমিকদের মধ্যে পাল্টাপাল্টি এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ২৯ আগস্ট দুর্ঘটনার পর থেকে ওই সড়কে নসিমন চলাচল বন্ধ ছিল। শনিবার সকালে নসিমনচালকেরা নসিমন চালানোর সিদ্ধান্ত নেন। সকাল সাড়ে নয়টার দিকে রামপাল বাসস্ট্যান্ডের কাছে বাস-শ্রমিকেরা হুমায়ুন নামে এক ব্যক্তির নসিমন পুড়িয়ে দেন। এর জের ধরে কয়েকজন নসিমনচালক ও তাঁদের সমর্থকেরা প্রায় দুই কিলোমিটার দূরে শ্রীফলতলায় একটি যাত্রীবাহী বাস ভাঙচুর এবং বাসচালক রিপনকে মারপিট করেন। এরপর থেকে ওই সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়।রূপসা (খুলনা)-বাগেরহাট বাস মিনিবাস মালিক সমিতির সভাপতি নূরুল হক বলেন, রামপাল-ভাগা-রূপসাসহ বাস চলাচলকারী সব সড়ক থেকে অবৈধ নসিমন চলাচল বন্ধের দাবিতে শনিবার সকাল থেকে বাস-শ্রমিকেরা ওই পথে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন।রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদুল ইসলাম শাহীন বলেন, শনিবার নসিমন পোড়ানো ও বাস ভাঙচুরের পর থেকে রামপাল-ভাগা-রূপসা সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।