রামপালবিরোধী কর্মসূচিতে তৎপর হয়ে ওঠে পুলিশ ও সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালবিরোধী যেকোনো কর্মসূচিতে পুলিশ ও সন্ত্রাসীরা তৎপর হয়ে ওঠে। মঙ্গলবার কর্মসূচির আগেই খুলনায় প্রতিবাদকারীদের কার্যালয় দখলে নেয় পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিরোধের দুর্গ। সেই নারায়ণগঞ্জে ভীতসন্ত্রস্ত সন্ত্রাসী বাহিনী শহীদ মিনারে হামলা চালিয়েছে। এ হামলার মধ্য দিয়ে তাদের শক্তি প্রদর্শিত হয়নি। বরং তাদের ভীতসন্ত্রস্ত শক্তির প্রকাশ ঘটেছে।

সুন্দরবন রক্ষার দাবিতে আন্দোলনরত কবি আরিফ বুলবুলসহ জাতীয় কমিটির কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গতকাল বুধবার বিকেলে নারায়ণগঞ্জে সমাবেশ হয়। এতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদএসব কথা বলেন। পরে নগরে বিক্ষোভ মিছিল করা হয়।

আনু মুহাম্মদ বলেন, ‘সুন্দরবন আন্দোলনের গতি তরুণেরা যে পর্যায়ে নিয়ে গেছেন, সেখান থেকে আমরা পরিষ্কারভাবে বলতে চাই, তারা যত বেশি আমাদের ভয় দেখানোর চেষ্টা করবে, আমরা তত বেশি সোচ্চার হব, সরব হব।’ তিনি বলেন, ‘যারা দেশি-বিদেশি কোম্পানির লোকাল এজেন্ট, যারা রিলায়েন্স, এনপিসির লোকাল এজেন্ট, তাদের একজন নারায়ণগঞ্জে খুনের রাজত্ব তৈরি করেছে। দখলের রাজত্ব তৈরি করেছে। ত্বকী হত্যাকারী পরিষ্কারভাবে প্রমাণিত হলেও সে ধরা পড়ছে না।’

আনু মুহাম্মদ আরও বলেন, সরকার কিছু ভাড়াটে বিশেষজ্ঞ জোগাড় করে তাঁদের দিয়ে তোতা পাখির মতো কথা বলায়, সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। সারা দেশের ও আন্তর্জাতিক বিশেষজ্ঞরা প্রমাণ দেখাচ্ছেন, প্রতিদিন পানি কীভাবে দূষণ হবে, বায়ু কীভাবে দূষিত হবে। কীভাবে নরসিংদী থেকে কলকাতা পর্যন্ত মানুষের স্বাস্থ্যের বিপর্যয় ঘটবে। জন্মগতভাবে শিশুরা পঙ্গু হবে, কীভাবে প্রাণ ও জীববৈচিত্র্য বিনাশ হয়ে মানুষের জীবিকা নষ্ট হবে। প্রাকৃতিক সম্পদ নষ্ট হয়ে, প্রাকৃতিক দুর্যোগের মুখে কয়েক কোটি মানুষের জীবন বিপন্ন হবে, সেগুলো একে একে সরকারের বিভিন্ন পর্যায়ে দেখানো হয়েছে। সরকার কাণ্ডজ্ঞান হারিয়েছে, সরকার হারিয়েছে বিজ্ঞান।

নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাবেক সভাপতি হালিম আজাদ, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস প্রমুখ। হামলাকারীদের উদ্দেশে অমল আকাশ বলেন, ‘আমরা ছবি আঁকি, গান গাই; আর তোমরা আমাদের ভয় পেয়ে কাপুরুষের মতো পেছন থেকে হামলা করো। সাহস থাকে তো সামনে এসে বুকে গুলি করো।’ রফিউর রাব্বি বলেন, ‘মঙ্গলবার শহীদ মিনারে আমাদের কর্মী কবি আরিফ বুলবুলসহ চারজনের ওপর যারা হামলা চালিয়েছে, তারা সংস্কৃতির ওপর আক্রমণ করেছে। এই চিহ্নিত ঘাতকগোষ্ঠী সংস্কৃতির শত্রু, তারা সুন্দরবনের শত্রু, রবীন্দ্রনাথের শত্রু, তারা রামপালে যে প্রকল্প বাস্তবায়ন হচ্ছে তাদের লোক।’

হামলার ঘটনায় মামলা

সুন্দরবন রক্ষার দাবিতে নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারে আন্দোলনরত কবি আরিফ বুলবুলসহ চার সংস্কৃতিকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে আহত করার ঘটনায় মামলা হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর মডেল থানায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলার আহ্বায়ক রফিউর রাব্বি অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে মামলাটি করেন।