রামপালসহ প্রকৃতি বিনাশী সব প্রকল্প বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের ভেতর দিয়ে নৌপথে কয়লা, জ্বালানি তেল ও বিষাক্ত পণ্য পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। কমিটি রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পসহ প্রকৃতি ধ্বংস করে এমন সব প্রকল্প বন্ধেরও দাবি জানিয়েছে।

গতকাল সোমবার সকালে রাজধানীর পুরানা পল্টনের মুক্তি ভবনের প্রগতি সম্মেলনকক্ষে ‘উন্নয়ন ও পরিবেশ: সুন্দরবন, রূপপুর এবং জ্বালানি নিরাপত্তা’ শীর্ষক আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। সভার সভাপতি অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ১৩ জানুয়ারি ১ হাজার টন কয়লাভরা জাহাজ ডুবেছে সুন্দরবনে।

আনু মুহাম্মদ বলেন, রামপাল সুন্দরবন ধ্বংস করবে। রূপপুর পারমাণবিক প্রকল্পের বর্জ্য কোথায় যাবে সিদ্ধান্ত হয়নি। অথচ এই প্রকল্পে কোনো ক্ষতি হলে তাদের দায়মুক্তি দেওয়ার জন্য আইন হচ্ছে। যেহেতু ১ লাখ ১৪ হাজার কোটি টাকার এই প্রকল্পের খরচের বোঝা জনগণকেই বহন করতে হবে, কাজেই জনগণকেই এর বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আর সুন্দরবন রক্ষায় ২৬ জানুয়ারি যে হরতাল ডাকা হয়েছে, জনগণের উচিত তাতে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়া।

যুক্তরাষ্ট্রপ্রবাসী পদার্থবিদ্যার অধ্যাপক ও নিউক্লিয়ার বিশেষজ্ঞ দ্বিপেন ভট্টাচার্য বিশ্বের বিভিন্ন অঞ্চলের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অভিজ্ঞতা বিশ্লেষণ করে বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সম্পর্কে অনেক তথ্যই এখনো পরিষ্কার নয়। অনভিজ্ঞ জনবসতিপূর্ণ এই দেশে প্রথমেই ২৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা খুবই ঝুঁকিপূর্ণ।

বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা, জবাবদিহি ও জনগণের অংশগ্রহণের সমস্যা রয়েছে বলে মন্তব্য করেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ভূতত্ত্ববিদ খালেকুজ্জামান। তিনি বলেন, প্রকৃতির বিন্যাসে সুন্দরবন একটি বড় সম্পদ। রামপাল বিদ্যুৎকেন্দ্র এর ভয়াবহ ক্ষতি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ভূতত্ত্ববিদ বদরুল ইমাম বলেন, রামপাল প্রকল্প করলে ইতিহাসে কালো অধ্যায় হিসেবে এই সরকারের নাম লেখা থাকবে। তিনি এই প্রকল্প বাতিল করার পাশাপাশি গ্যাস অনুসন্ধানে গুরুত্ব ও অগ্রাধিকার দেওয়ার দাবি জানান। সভায় আরও বক্তব্য দেন অস্ট্রেলিয়াপ্রবাসী পরিবেশবিদ কামরুল আহসান খান, গবেষক স্বপন আদনান, অধ্যাপিকা মোশাহিদা সুলতানা, প্রকৌশলী মাহবুব সুমন এবং গবেষক মাহা মির্জা।