রামপালে অবৈধ দখল থেকে খাল উদ্ধার

বাগেরহাটের রামপাল উপজেলার কুমারখালী নদীর দুই পাশের অর্ধশতাধিক শাখা খাল অবৈধ দখল থেকে উদ্ধার ও বাঁধ অপসারণের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। গতকাল মঙ্গলবার বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক উপজেলা সদরের ওড়াবুনিয়া খালের বাঁধ কেটে এ কাজের উদ্বোধন করেন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, মংলা-কুমারখালী-ঘষিয়াখালী নৌপথটি ভারত-বাংলাদেশ নৌবাণিজ্য প্রটোকল চুক্তির অন্তর্গত একমাত্র আন্তর্জাতিক নৌপথ। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে সারা দেশের নৌযোগাযোগেরও এটিই একমাত্র সহজ পথ। তবে জোয়ার-ভাটা হ্রাস, পলি বৃদ্ধি, অবৈধভাবে শাখা খাল দখল করে মাছের চাষ করায় পলি পড়ে ভরাট হয়ে নৌপথটি তিন বছর ধরে বন্ধ রয়েছে। এ কারণে শাখা খালে পানি চলাচল করতে পারে না। তাই নৌপথটির কিছু এলাকা দুই দফা খনন করেও নাব্যতা ফেরাতে পারেনি বিআইডব্লিউটিএ।
সম্প্রতি ‘বিকল্প নৌপথ’ হিসেবে ব্যবহৃত সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী জাহাজডুবির পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক ওই নৌপথটি দ্রুত চালু করার তাগিদ দেন। এ জন্য তিনি মংলা-কুমারখালী-ঘষিয়াখালী চ্যানেলের ২২ কিলোমিটার অংশের রেকর্ডীয় সব খাল থেকে অবৈধ দখল উচ্ছেদ করতে বলেন, যাতে করে খালগুলোতে পুনরায় পানি প্রবাহিত হতে পারে।
এর আগে নৌপথটি পুনরুজ্জীবিত করতে বিআইডাব্লিউটিএ গত ১ জুলাই প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে খননকাজ শুরু করে। গত প্রায় ছয় মাসে তারা নিজস্ব পাঁচটি খননযন্ত্র (ড্রেজার) দিয়ে মাত্র চার কিলোমিটার অংশ খনন করেছে।
এদিকে গুরুত্বপূর্ণ এই নৌপথটি দ্রুত চালুর উদ্যোগ নেওয়ায় এবং খাল অবৈধভাবে দখল করে গড়া চিংড়িঘের অপসারণ শুরু হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় লোকজন।
উপজেলা সদরের বাসিন্দা মিজানুর রহমান জানান, প্রায় ২৫ বছর ধরে এসব শাখা খালে অবৈধভাবে বাঁধ দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা চিংড়ির চাষ করছেন। ফলে পানির স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে পলি জমে কুমারখালী নদীসহ পুরো নৌপথটিই বন্ধ হয়ে গেছে।
মংলা-ঘষিয়াখালী পথ দ্রুত নৌযান চলাচলের উপযোগী করতে খাল থেকে বাঁধ অপসারণের প্রয়োজন ছিল বলে উল্লেখ করেন মংলা বন্দরের চেয়ারম্যান কমোডর হাবিবুর রহমান ভূঁইয়া। তিনি বলেন, ‘নৌপথটির ২২ কিলোমিটার পলি জমে ভরাট হয়ে আছে। ফলে তিন বছর ধরে বিকল্প পথ হিসেবে সুন্দরনের ভেতর দিয়ে নৌযান চলাচল করছে। আমাদের দ্রুত পুরোনো পথে ফিরে আসা প্রয়োজন।’
এ ব্যাপারে সাংসদ তালুকদার আবদুল খালেক বলেন, ‘রামপাল এলাকায় প্রথম থেকেই আমি চিংড়ি চাষের বিরোধিতা করে আসছি। সে সময় স্থানীয় প্রশাসনকে সঙ্গে পাইনি। তখন ব্যবস্থা নেওয়া গেলে আজ এই অবস্থা হতো না। এখন প্রশাসন পাশে আছে। স্থানীয় ব্যক্তিরাও চায় নৌপথটি তাড়াতাড়ি চালু হোক। আশা করছি দ্রুতই কাজ শেষ হবে।’
খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুস সামাদ জানান, অবৈধ দখলদারদের হাতে থাকা সরকারি খালগুলো থেকে বাঁধ অপসারণ করা হবে। আগামী এক মাস এ কাজ চলবে।
খালের বাঁধ অপসারণের কাজ উদ্বোধনের সময় জেলা প্রশাসক মু. শুকুর আলী, পুলিশ সুপার মো. নিজামুল হক মোল্লা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রাফা মো. আরিফসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।