রামপালে ইউএনওকে প্রাণনাশের হুমকি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের বিরুদ্ধে রামপাল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ইউএনও।
প্রত্যক্ষদর্শী ও জিডির বিবরণ অনুসারে, গত ১ আগস্ট রামপালে জাতীয় শোক দিবস পালনের প্রস্তুতি সভা চলাকালে ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল উপস্থিত কয়েক জন সদস্যের সঙ্গে জোরে জোরে কথা বলছিলেন। একপর্যায়ে ইউএনও জিল্লুর রহমান তাঁকে আস্তে কথা বলার অনুরোধ করেন। এতে রফিকুল কথা বলা বন্ধ না করলে ইউএনও তাঁকে সভা পরিচালনার দায়িত্ব নিতে বলেন। ইউএনওর এই কথায় ক্ষিপ্ত হয়ে রফিকুল তখন সভাস্থল ত্যাগ করেন।
গত সোমবার সকালে উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভার শুরুতে সভার সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ ওই ঘটনাটি মীমাংসার উদ্যোগ নেন। এ সময় রফিকুল সভাস্থল থেকে বের হয়ে বারান্দায় যান এবং ইউএনওকে বদলি ও প্রাণনাশের হুমকি দেন। একপর্যায়ে রফিকুল মুঠোফোনে তাঁর কিছু অনুসারীকে উপজেলা কমপ্লেক্সে ডেকে আনেন। ইউএনও জেলা প্রশাসককে মুঠোফোনে ঘটনা জানালে বাগেরহাট থেকে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান বিকেলে রামপালে আসেন।
ইউএনও মো. জিলুর রহমান প্রথম আলোকে জানান, নিরাপত্তাজনিত কারণে তিনি রামপাল থানায় জিডি করেছেন এবং তাঁর কার্যালয় ও সরকারি বাসভবনে পুলিশ মোতায়েন করা হয়েছে।
তবে ইউএনওকে প্রাণনাশের হুমকি দেওয়ার কথা অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা রফিকুল ইসলাম।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. ওবায়দুর রহমান জানান, ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রফিকুল বিভিন্ন সময়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন। এ ধরনের অন্তত তিনটি ঘটনার প্রমাণ পাওয়া গেছে। সোমবার মাসিক সমন্বয় সভাতেও ইউএনওকে প্রাণনাশের হুমকি দেওয়ার প্রাথমিক সত্যতা মিলেছে।