রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন
সুন্দরবন রক্ষায় বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের প্রকল্প অবিলম্বে বন্ধের দাবিতে মানববন্ধন হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল চারটার দিকে রূপসা সেতুর (খানজাহান আলী সেতু) পশ্চিম পাশে ইয়ুথ কোয়ালিশন ফর ক্লাইমেট জাস্টিস-এর ব্যানারে কয়েকটি পরিবেশবাদী সংগঠনের ওই মানববন্ধনে অংশ নেয়।
মানববন্ধন কর্মসূচি শেষে সংগঠনগুলো অবরোধ পালন করতে গেলে পুলিশি বাধায় তা পণ্ড হয়।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, সুন্দরবনের কোনো বিকল্প নেই। বিদ্যুৎ উৎপাদনের অনেক বিকল্প আছে। সুন্দরবনসংলগ্ন রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র বাস্তবায়িত হলে বন ধ্বংসের পাশাপাশি এর জীববৈচিত্র্যও ধ্বংস হবে। আর সুন্দরবন ধ্বংস হলে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে পড়বে। তাই অবিলম্বে এই আত্মঘাতী প্রকল্প বাতিল করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা শেখ আবদুল হালিম, দেবব্রত ধর, সুশান্ত দাস, এইচ এম আসলাম, হাফিজুর রহমান, সৈকত মল্লিক, জাকারিয়া হোসাইন, মো. শোভন, লিয়ন, সাগর প্রমুখ।
পরিবেশবাদী সংগঠন সুন্দরবন রক্ষা কমিটি, রূপায়ণ সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি, সিরাক বাংলাদেশ, ফ্রেন্ডস মিডিয়া, এসমাইল ফাউন্ডেশন, ভাসানী অনুসারী কমিটি, রামপাল কৃষিজমি রক্ষা কমিটি, ফেরোসিয়াস ফ্লাস, বাংলাদেশ ছাত্র ফেডারেশন ও আলোর পথযাত্রী মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়।