রামপালে কাজ চলবে, ইউনেসকোকে প্রতিবেদন দেওয়া হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষায় জাতিসংঘের বিজ্ঞান, শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো থেকে দেওয়া শর্ত ও সুপারিশ সরকার মেনে চলবে। রামপাল প্রকল্পের কাজও চলবে।

আজ রোববার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী এ কথা বলেন।

তৌফিক-ই-এলাহী চৌধুরী বলেন, ২০১৮ সালের মধ্যে সুন্দরবনে কী কী ধরনের অবকাঠামো করা যাবে, সে বিষয়ে একটি কৌশলগত পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন তৈরির ব্যাপারে সরকার ইতিমধ্যে কাজ শুরু করেছে। আগামী বছরের ডিসেম্বরের মধ্যে এই প্রতিবেদন ইউনেসকোয় জমা দেওয়া হবে। তবে এ সময়ের মধ্যে রামপাল প্রকল্পের কাজ বন্ধ থাকবে না, চলবে।

ইউনেসকো তো প্রতিবেদন তৈরি করার আগে, অর্থাৎ ২০১৮ সালের আগে সুন্দরবনের পাশে কোনো ধরনের ভারী অবকাঠামো ও শিল্পস্থাপন করা যাবে না বলে শর্ত দিয়েছে, তাহলে কীভাবে কাজ চালিয়ে যাওয়া হবে? এর জবাবে তৌফিক-ই-এলাহী বলেন, সুন্দরবনের পাশে আর কোনো ভারী শিল্প বা অবকাঠামো নির্মাণে সরকার অনুমোদন দিচ্ছে না। তবে ইউনেসকোর এই সুপারিশ ভবিষ্যতের অবকাঠামোর জন্য বলা হয়েছে। রামপালের কাজ তো আগে থেকেই শুরু হয়েছে এবং এখনো চলছে।

তৌফিক-ই-এলাহী সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘রামপাল নিয়ে অনেক বিতর্ক হয়েছে, এটার অবশ্যই শেষ হওয়া প্রয়োজন। আপনারা ভালোমতো লেখেন এটা নিয়ে। যেন আর কোনো বিতর্ক না হয়।’

সাংবাদিকেরা আবারও প্রশ্ন করেন, বড় অবকাঠামো নির্মাণ বন্ধ করার শর্তে বাংলাদেশ ইউনেসকোতে সম্মত হয়ে এসেছে, তাহলে রামপাল কি কোনো বড় প্রকল্প নয়? উত্তরে তৌফিক-ই-এলাহী বলেন, ‘কয়লা অনেক কম দামি জ্বালানি। আমাদের মাথাপিছু কার্বন নিঃসরণের পরিমাণ অনেক কম। তাই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প আমরা করতেই পারি। আমার মনে একটি প্রশ্ন উঠেছিল কিন্তু সেখানে বলতে পারিনি। তা হচ্ছে, মায়ের চেয়ে মাসির দরদ তো আর বেশি না। সুন্দরবন আমাদের, এটি কীভাবে রক্ষা করতে হয়, তা আমরা জানি এবং তা করছি।’

বিদ্যুৎ বিভাগের সচিব আহমেদ কায়কোয়াস সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন। সংবাদ সম্মেলনে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত থাকলেও তিনি বক্তব্য দেননি।