রামপালে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
বাগেরহাটের রামপালের গৌরম্ভা গ্রামে গত শনিবার রাতে এক কিশোরী (১৬) ধর্ষণের শিকার হয়েছে। মেয়েটি রোববার তিন যুবকের নাম উল্লেখসহ সাতজনের বিরুদ্ধে রামপাল থানায় মামলা করেছে। রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আনোয়ার হোসেন মেয়েটির বক্তব্য ও মামলার উদ্ধৃতি দিয়ে জানান, ধর্ষণের শিকার মেয়েটির বাড়ি বাগেরহাটের ফকিরহাট উপজেলার একটি গ্রামে। শনিবার সন্ধ্যায় ফকিরহাটের শুকদাড়া বেড়িবাঁধের ওপর থেকে কয়েক যুবক তাকে জোরপূর্বক ওহিদুল ইসলাম নামের এক চালকের টেম্পোতে করে পাশের রামপাল উপজেলার গৌরম্ভা বাজারে নিয়ে যায়। তারা তাকে জালাল আকুঞ্জির বাড়ির সামনের মাঠে নিয়ে ধর্ষণ করে। মেয়েটি অসুস্থ হয়ে পড়লে রোববার ভোরে তাকে টেম্পোর ভেতরে ফেলে রেখে তারা চলে যায়। এরপর গ্রামবাসীর মাধ্যমে খবর পেয়ে গৌরম্ভা পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) জিয়াউল হাসান টেম্পোসহ মেয়েটিকে উদ্ধার করে রামপাল থানায় নিয়ে আসেন।