রামপালে ঝড়ে অর্ধশতাধিক ঘর বিধ্বস্ত
বাগেরহাটের রামপালে কয়েক মিনিটের ঝড়ে ৪০টি পরিবারের অর্ধশতাধিক কাঁচা ও আধা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া নয়টা থেকে সাড়ে নয়টার মধ্যে উপজেলার পেড়িখালী ইউনিয়নের ডাকরা গ্রামের ওপর দিয়ে এই ঝড় বয়ে যায়। এ সময় ধসে পড়া ঘরের নিচে চাপা পড়ে অন্তত পাঁচজন আহত হয়।
পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল ইসলাম বলেন, আকস্মিক প্রবল ঝোড়ো বাতাসে ডাকরা গ্রাম ও ডাকরা বাজার এলাকার অর্ধশতাধিক ঘরবাড়ি ধসে যায়। কয়েকটি ঘরের টিনের চাল উড়ে যায় এবং বেশ কিছু গাছ উপড়ে পড়ে। এ সময় ঘরচাপা পড়ে অনিল ডাকুয়া, সুখেন ডাকুয়াসহ পাঁচজন আহত হয়। পরে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
বাগেরহাট জেলা প্রশাসক জাহাংগীর আলম বলেন, ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করতে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বলা হয়েছে। তালিকা অনুযায়ী ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহযোগিতা করা হবে।
ইউএনও আবু রাফা মোহাম্মাদ আরিফ বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত ৪০টি পরিবারের তালিকা করা হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের সংখ্যা ও ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।