রামপালে ঝুঁকি থাকলে বিবেচনা করতে হবে: মসিউর
রামপাল বিদ্যুৎকেন্দ্রের পরিবেশগত ঝুঁকি থাকলে তা আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান। নিজেকে ওই অঞ্চলে বিদ্যুৎকেন্দ্রের সমর্থক উল্লেখ করে বলেন, ‘আমি সেখানে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের শক্ত সমর্থক ছিলাম। তার মানে এই নয় যে পরিবেশ নিয়ে উদ্বেগ থাকলে তা পুরোপুরি বিবেচনা করা হবে না।’
আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত জ্বালানি খাতে বড় প্রকল্পে অর্থায়ন নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন। রাজধানীর মতিঝিলে ডিসিসিআই কার্যালয়ে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি হোসেন খালেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মসিউর রহমান। তিনি বলেন, ‘রামপাল এখন বিতর্কে পরিণত হয়েছে। এটা সঠিক কারণে হতে পারে, বেঠিক কারণেও হতে পারে। কিন্তু আমি অনেক দিন ধরেই সেখানে একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সমর্থক ছিলাম।’
সমর্থনের কারণ হিসেবে মসিউর বলেন, খুলনা অঞ্চলে একসময় অনেক পাটশিল্প ছিল। কিন্তু এখন খুলনা শিল্পহীন হয়েছে। খুলনা ও যশোরের মধ্যে ৬০ কিলোমিটার রাস্তার পাশে অনেক মাঝারি কারখানা আছে। গ্যাস-বিদ্যুতের অভাবে তারা তাদের উৎপাদনক্ষমতার ৬০ থেকে ৭০ শতাংশ ব্যবহার করতে পারে না। এসব কারখানায় বিদ্যুৎ-গ্যাস দেওয়া গেলে ভবিষ্যতে কোনো ধরনের অতিরিক্ত বিনিয়োগ ছাড়া উৎপাদনক্ষমতা দ্বিগুণ করা সম্ভব বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা।
মসিউর বলেন, ‘আমার কাছে যে তথ্য আছে তা হলো, সুন্দরবনের সংরক্ষিত অঞ্চলের চার থেকে ছয় মাইল দূরে রামপাল বিদ্যুৎকেন্দ্রটি হবে। তবে সেখানে যদি কোনো ইস্যু (বিষয়) থাকে, তাহলে তা আরও সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।’
বাগেরহাটের রামপাল উপজেলায় বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে ১ হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদনক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি হয়েছে। তবে পরিবেশবাদীরা বলছেন, এতে সুন্দরবনের মারাত্মক ক্ষতি হবে।
অনুষ্ঠানে মসিউর রহমানের আগে রামপাল নিয়ে কথা বলেন বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব এম ফাওজুল কবির খান। তিনি বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র জ্বালানি খাতকে সহায়তা করছে না, বরং অহেতুক বিতর্ক তৈরি করছে। তাই এটি সরিয়ে নেওয়া উচিত।
অবশ্য জ্বালানি মন্ত্রণালয়ের পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন বলেন, বিদ্যুৎকেন্দ্রটি সুন্দরবনের ক্ষতি করবে না। তাদের হাতে এ-সংক্রান্ত ভালো সমীক্ষা আছে।
সুন্দরবন দেশের ১৬ কোটি মানুষের সম্পদ বলে উল্লেখ করে তিনি বলেন, এটির ক্ষতি হয় কি না, তা দেখা সরকারের দায়িত্ব।