রামপালে দাউদখালী নদীতে খনন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলায় দাউদখালী নদীতে খননকাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। গতকাল বুধবার কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট-৩ আসনের সাংসদ তালুকদার আবদুল খালেক।
গতকাল বিকেলে শ্রীফলতলা আদর্শ গ্রামের পাশে পাউবো খুলনার তত্ত্বাবধায়ক প্রকৌশলী বজলুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আবু সাঈদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল ওহাব, পাউবো বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু রাফা মো. আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ১৬৭ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন ৩৪/২ পোল্ডার প্রকল্পের আওতায় ১৭টি নদী-খাল খননকাজের অংশ হিসেবে ১৫ কিলোমিটার নদী খনন করা হচ্ছে। এতে ব্যয় হবে ৮ কোটি ১০ লাখ টাকা। পোল্ডার প্রকল্পের আওতায় ৫০ কোটি টাকা ব্যয়ে মোট ১১০ কিলোমিটার নদী ও খাল আগামী জুন মাসের মধ্যে খনন করার কথা। দাউদখালী নদীর খননকাজ সে কাজেরই অংশ।
বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক নৌ-প্রটোকলভুক্ত মংলা-ঘষিয়াখালী নৌপথের রামপাল অংশে কুমারখালী নদীর সঙ্গে সংযুক্ত দাউদখালী নদী খনন সম্পন্ন করা গেলে আন্তর্জাতিক ওই নৌপথটি আরও কার্যকর হয়ে উঠবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন।