
রামপাল বিদ্যুৎকেন্দ্রের আশপাশের এলাকা পারদদূষণের বড় ঝুঁকি বহন করবে বলে আন্তর্জাতিক এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে। এতে বলা হয়েছে, এই দূষণ নদী ও বায়ুপথে পশুর নদ, সুন্দরবনের জলজ ও বনজ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করবে। ঝুঁকিতে ফেলবে এই অঞ্চলের জলজ ও বন্য প্রাণীদের।
‘পারদের নিঃসরণ, বায়ুমণ্ডলে সঞ্চয়ন ও প্রতিবেশদূষণ: সুন্দরবনের জীব ভৌগোলিক বলয়ে রামপাল থেকে নির্গত পারদের প্রভাব’ শীর্ষক এ গবেষণাটি করেছেন যুক্তরাষ্ট্রের সিরাকিউস বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক চার্লস টি ড্রিসকল। গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে গবেষণা প্রতিবেদনটি উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, রামপাল বিদ্যুৎকেন্দ্র চালু থাকার সময় কয়লা থেকে নির্গত পারদের পরিমাণ আশপাশের এলাকায় বর্তমানে অনুমিত পরিমাণের চেয়ে ৫০ শতাংশ বাড়বে। বন, জলাভূমি ও জলজ সম্পদ পরিবেষ্টিত হওয়ার কারণে এ অঞ্চলে পারদের অবক্ষেপ উচ্চমাত্রায় সংবেদনশীল হওয়ার আশঙ্কা রয়েছে।
সংবাদ সম্মেলনে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, রামপাল প্রকল্পেরÿক্ষতিকর প্রভাব নিয়ে তথ্য দেওয়া হলেও সরকার কোনো কিছুই আমলে নিচ্ছে না; বরং একগুঁয়েমিভাবে ঢালাও বক্তব্য দিয়েই যাচ্ছে। এই প্রকল্পের ক্ষতিকর দিক নিয়ে যা বলা হচ্ছে, সরকারের নীতিনির্ধারকেরা সেগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু যুক্তি দিচ্ছেন না।
সুলতানা কামাল বলেন, বিজ্ঞানীদের তথ্যমতে, এই প্রকল্পটি ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক। এর ÿক্ষতিকর প্রভাব শুরু হলে থামানোর পথ থাকবে না। যার প্রভাবে মানুষ মারা যাবে, পঙ্গুত্ব সৃষ্টি হবে, পরিবেশ ও সুন্দরবনের মারাত্মক বিপর্যয় সৃষ্টি হবে। পারদ বিষাক্ত পদার্থ। রামপালে এর উদ্গিরণের ফলে পরিবেশ, প্রতিবেশ, প্রাণিকুল ও খাদ্যচক্রের মাধ্যমে মানবদেহে পারদ প্রবেশ করলে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়বে।
অধ্যাপক এম এম আকাশ বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) মেনে চললে রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্র হতে পারে না। কারণ এটি সুন্দরবনকে ধ্বংস করবে। আর এসডিজিবিরোধী কোনো কার্যক্রম গ্রহণ করা হলে সেটা হবে বিশ্বকে উপেক্ষা করার মতো।
অধ্যাপক নাজমুন নাহার বলেন, নির্গত দূষণের কারণে রামপাল প্রকল্পের আশপাশের এলাকায় শিশুর অকাল মৃত্যু বাড়বে ও কম ওজন নিয়ে শিশু জন্ম গ্রহণ করবে। অনেক শিশুই পঙ্গুত্ব নিয়ে সমাজের বোঝা হয়ে থাকবে।
অধ্যাপক আনোয়ার হোসাইন জাপানের পারদদূষণজনিত রুগ্ণ ও পঙ্গু মানুষের দুর্দশার একটি ভিডিও প্রদর্শন করেন। তিনি বলেন, সরকারকে বিবেচনায় নিতে হবে কোনটি আগে—উন্নয়ন, নাকি জনগণ। জনগণের বিষয়টি বিবেচনায় নিলে রামপাল প্রকল্প অবশ্যই নয়।
সংবাদ সম্মেলনে বাপার সাধারণ সম্পাদক ও সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব মো. আবদুল মতিন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনোয়ার হোসেন বক্তব্য দেন।