রামপালে বিএনপি-জামায়াত ও আওয়ামী লীগের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষে অন্তত সাতজন জখম হয়েছেন।
এ সময় জামায়াত-বিএনপির সমর্থকেরা উজলকুড় ইউনিয়নের মানিকনগরে ভূঞারকন্দর উচ্চবিদ্যালয় এলাকায় একটি ক্লাবঘরসহ আওয়ামী লীগের সমর্থকদের অন্তত ১২টি ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও লুটপাট চালান। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদের একটি প্ল্যাকার্ড ছেঁড়াকে কেন্দ্র করে শনিবার বিকেল থেকে রাত পর্যন্ত এই সংঘর্ষের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মানিকনগর গ্রামের আওয়ামী লীগ-সমর্থক ওলিউর রহমান হাওলাদার (২২) ও গৌরম্ভা গ্রামের বিএনপির সমর্থক মুস্তাহিদুল ইসলাম (৩৩)। গতকাল রোববার বিকেলে এই প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা হয়নি।
গতকাল ওই এলাকায় গেলে কয়েকজন গ্রামবাসী জানান, গত শুক্রবার উপজেলার ফয়লা বাজারে সমাবেশ করে আওয়ামী লীগ। সমাবেশে আসা কিছু কর্মী জেলা জামায়াতের সেক্রেটারি ও বাগেরহাট-৩ (রামপাল-মংলা) আসনে ১৮-দলীয় জোটের মনোনয়নপ্রত্যাশী শেখ ওয়াদুদুর রহমানের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন। এর জের ধরে শনিবার বিকেলে ফয়লা বাজারে ১৮ দলের কর্মসূচিতে যোগ দিতে আসা জামায়াত-বিএনপির কর্মীরা ভূঞারকন্দর উচ্চবিদ্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাঁশতলী ইউপি চেয়ারম্যান আবু সাঈদের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন। এতে আওয়ামী লীগের কর্মীরা বাধা দিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় জামায়াত-বিএনপির কর্মীরা বিদ্যালয়ের সামনে ভূঞারকন্দর জাগরণী সংঘ নামে একটি ক্লাবঘরে ভাঙচুর চালান।
প্রতক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যায় আওয়ামী লীগের সমর্থকেরা ওই এলাকায় পথচারী মোস্তাহিদুল ইসলাম নামে বিএনপির এক সমর্থককে মারধর করে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন। এর জের ধরে সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত-বিএনপির সমর্থকেরা আবারও সেখানে হামলা চালিয়ে আওয়ামী লীগের সমর্থকদের ১২টি দোকান ভাঙচুর করেন এবং মালামাল লুট করেন।
উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজী আক্তারুজ্জামান বলেন, কোনো উসকানি ছাড়াই জামায়াত-বিএনপির সমর্থকেরা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্ল্যাকার্ড ছিঁড়ে ফেলেন এবং ক্লাবঘরসহ আওয়ামী লীগের সমর্থকদের দোকানে ভাঙচুর ও লুটপাট চালান। জেলা জামায়াতের সেক্রেটারি শেখ ওয়াদুদুর রহমান বলেন, প্ল্যাকার্ড ছেঁড়ার ঘটনায় বিএনপি-জামায়াতের বিক্ষুব্ধ কর্মীরা কিছু দোকান ভাঙচুর করেছেন। আওয়ামী লীগের কর্মীদের হামলায় বিএনপি ও জামায়াতের অন্তত চার কর্মী আহত হয়েছেন।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী দাউদ হোসেন প্ল্যাকার্ড ছেঁড়াকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের মধ্যে কয়েক দফা পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এ সময় কিছু দোকান ভাঙচুর করা হয়েছে। কোনো পক্ষই থানায় মামলা করতে আসেনি।