রামপালে বিদ্যুৎ কেন্দ্র বন্ধের দাবিতে মানববন্ধন
বাগেরহাটের রামপালে প্রস্তাবিত কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে জয়পুরহাট শহরে মানববন্ধন হয়েছে। জয়পুরহাট জেলা বিজ্ঞান আন্দোলন মঞ্চ নামে একটি সংগঠন গতকাল বুধবার এ কর্মসূচি পালন করে।
জয়পুরহাট শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বর এলাকার প্রধান সড়কের পাশে মানববন্ধনের আয়োজন করা হয়। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মসূচি চলে। এ সময় জয়পুরহাট বিজ্ঞান আন্দোলন মঞ্চের সংগঠক ওয়াজেদ পারভেজ, সদস্য শামিম ইসলাম, নয়ন সরকার, পাপন মণ্ডল, উৎপল সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জয়পুরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক দেওয়ান বদিউজ্জামান, জেলা কমিউনিস্ট লীগের সমন্বয়ক মাহমুদুল করিম প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র করা হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে এবং জীববৈচিত্র্যও হুমকির মুখে পড়বে। তাই অবিলম্বে ওই কেন্দ্র নির্মাণের জন্য গ্রহণ করা প্রকল্প বাতিল করতে হবে।