রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে ধ্বংস হবে সুন্দরবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খান বলেছেন, ‘রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবন ধ্বংস হবে। এ অঞ্চলের পরিবেশের জন্য ক্ষতি হবে। এ কারণে আমরা রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরুদ্ধে।’
গতকাল শনিবার দুপুরে সিপিবির পিরোজপুর জেলা শাখার নবম সম্মেলন উপলক্ষে স্থানীয় গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মঞ্জুরুল আহসান খান বলেন, ‘আজ বাংলাদেশে আমরা একটি জটিল পরিস্থিতির মধ্যে আছি। এই পরিস্থিতিতে সাম্প্রদায়িক শক্তি জামায়াত ও বিএনপি তাদের নাশকতামূলক কর্মকাণ্ড দিয়ে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। অপর দিকে আওয়ামী লীগ আজকে দুর্নীতির সাগরে নিমজ্জিত। দেশ আজ সঠিক নেতৃত্ব পাচ্ছে না।’ তিনি বলেন, ‘আমরা কোনো পন্থী নই। আমরা আওয়ামী লীগ ও বিএনপির বিরুদ্ধে কথা বলি। তারা (আওয়ামী লীগ ও বিএনপি) যখনই দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করে, তখনই আমরা সোচ্চার হই। মানুষের অধিকার আদায়ের জন্য আমরা লড়াই করে যাচ্ছি।’ কমিউনিস্ট পার্টির পিরোজপুর জেলা শাখার সভাপতি তপন বসুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন গার্মেন্টস শ্রমিক ও ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ। বক্তব্য দেন সিপিবির খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এস এ রশীদ, পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ কুমার পাইক প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সন্ধ্যায় দিলীপ কুমার পাইক সভাপতি ও আবদুর রহিমকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়।