রামপালে বিদ্যুৎ প্রকল্প বাতিল করতে হুমকি
বাগেরহাটের রামপালে সুন্দরবনের পাশে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড ও ওরিয়ন গ্রুপ কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প বন্ধ করতে সময় বেঁধে দিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। আগামী ১৫ মের মধ্যে প্রকল্প বন্ধ না হলে সর্বস্তরের মানুষ নিয়ে লং মার্চ, হরতাল, অবরোধসহ কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয়।
সুন্দরবন ধ্বংসকারী রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সমাবেশ ও মিছিল করে চার দিনের ‘জনযাত্রা’ কর্মসূচি শুরু করে সংগঠনটি। আজ বেলা দুইটার দিকে বাগেরহাটের কাটাখালী মোড়ে মিছিল, সমাবেশ ও ঘোষণা পাঠের মধ্যে দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। সেখানেই কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ এসব কথা বলেন।
বিদ্যুৎকেন্দ্রের বিকল্প আছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই, উল্লেখ করে আনু মুহাম্মদ বলেন, উপকূলীয় এলাকার প্রায় চার কোটি মানুষের ক্ষতি করে ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হতে পারে না। সরকার জনগণকে ধোঁকা দিচ্ছে। বলছে বিদ্যুৎ প্রকল্প হলে অনেক লোকের কর্মসংস্থান হবে। কিন্তু এখানে বিদ্যুৎকেন্দ্র হলে ১০ লাখ মানুষের কর্মসংস্থানের ক্ষতি হবে।
দুপুরে তাঁরা গাড়িতে করে খুলনা থেকে বাগেরহাট শহরে পৌঁছে একটি মিছিল বের করেন। এই জনযাত্রায় বিভিন্ন বাম ধারার রাজনৈতিক দলের শত শত নেতা-কর্মী অংশ নেন।
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সরদার রুহিন হোসেন প্রিন্স, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য বিমল বিশ্বাস, গণসংহতি সমন্বয়ক জুনায়েদ সাকী, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশিদ ফিরোজ, ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা নজরুল ইসলাম, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জিলানী শুভ, জেলা কমিটির আহ্বায়ক রণজিৎ চট্টোপাধ্যায়, সদস্যসচিব ফররুখ হাসান জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন।
জনযাত্রা দলটি সুন্দরবন অভিমুখে যাওয়ার পথে মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, যশোর ও খুলনার বিভিন্ন স্থানে পথসভা ও সমাবেশ করে।
২০১৩ সালের সেপ্টেম্বরে একই দাবিতে সুন্দরবন অভিমুখে লং মার্চ করেছিল তেল-গ্যাস রক্ষা কমিটি।
তেল-গ্যাস কমিটিসহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবেশবাদী সংগঠন সুন্দরবনের কাছে কয়লাভিত্তিক এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আন্দোলন চালিয়ে আসছে। তারা বলছে, এখানে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে।
তবে সরকার শুরু থেকেই বলছে, সুন্দরবনের জীববৈচিত্র্য, পরিবেশ ও প্রতিবেশ যাতে নষ্ট না হয়, সে ব্যাপারে সতর্ক থেকেই এটি নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।