মানববন্ধনে তেল-গ্যাস-বিদ্যুৎ রক্ষা কমিটির নেতারা
রামপালে বিদ্যুৎকেন্দ্র খুলনা শহরও বাসের অনুপযোগী হবে
তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নেতারা বলেছেন, জাতীয় স্বার্থ উপেক্ষা করে সুন্দরবনের কোল ঘেঁষে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন কয়েকজন ব্যক্তির রাষ্ট্রীয় সম্পদ লুটপাটের কৌশল। এ বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে শুধু সুন্দরবন ধ্বংসই নয়, খুলনা শহরও বসবাসের অনুপযোগী হয়ে পড়বে।
গতকাল শনিবার বিকেলে নগরের পিকচার প্যালেস মোড়ে ঢাকা-রামপাল লংমার্চ সফলের লক্ষ্যে জাতীয় কমিটি আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বক্তারা এসব কথা বলেন।
নেতারা বলেন, উন্নয়নের জন্য বিদ্যুতের প্রয়োজন রয়েছে, কিন্তু সরকার বিকল্প জ্বালানির নিজস্ব বিদ্যুৎকেন্দ্রগুলোর সংস্কার না করে সব আন্তর্জাতিক আইন ও নিয়ম না মেনে পরিবেশবিধ্বংসী এ কেন্দ্র স্থাপনের পাঁয়তারা করছে। লুটপাটের জন্য আরেক দফা কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের সঙ্গে চুক্তি নবায়ন করছে। বক্তারা ২৪-২৮ সেপ্টেম্বর লংমার্চ সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
কমিটির জেলা আহ্বায়ক মনোজ দাসের সভাপতিত্বে কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ, কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক প্রমুখ।