রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দ্রুত বন্ধের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ দ্রুত বন্ধের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার বিকেলে নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও বিক্ষোভ মিছিলে এ দাবি তুলে ধরা হয়।
এ কর্মসূচি থেকে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্প থেকে সরে আসার দাবিতে ১৮ অক্টোবর ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিতে যাওয়ার সময় জাতীয় কমিটির মিছিলে পুলিশি বাধার প্রতিবাদও জানানো হয়।
বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির জেলা আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হাফিজুর রহমান, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক আবু হাসান প্রমুখ।
সমাবেশে রফিউর রাব্বি বলেন, ‘ভারতের জনগণও রামপাল প্রকল্প থেকে সরে আসার জন্য সে দেশে আন্দোলন করছে, সে দেশের সরকারকে চাপ দিচ্ছে। ইউনেসকো এই প্রকল্প থেকে আমাদের সরকারকে সরে আসতে বলছে। বিশ্বের পরিবেশবাদী বিভিন্ন সংগঠন ও ব্যক্তিরা তা বাতিল করতে বলছে। অথচ সরকার এসবে কোনো ভ্রুক্ষেপ করছে না। কারণ, ইতিমধ্যে সরকারের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা সেখানে জায়গা কিনে, দখল করে বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলার প্রক্রিয়ায় নিয়োজিত হয়েছে। সেখানে বড় ধরনের লুটপাটের ক্ষেত্র তৈরি হয়েছে। সুন্দরবন ধ্বংস যুদ্ধাপরাধের চেয়ে ছোট অপরাধ নয়। সুন্দরবন ধ্বংস হলে একদিন এর সঙ্গে যুক্ত সকলকেই বিচারের আওতায় আসতে হবে।’ তিনি বলেন, সরকার ভারতীয় কোম্পানি এনটিপিসির মাধ্যমে রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে। শ্রীলঙ্কাও এই এনটিপিসির মাধ্যমে সে দেশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প গ্রহণ করেছিল। কিন্তু পরবর্তী সময়ে এর ভয়াবহতা ও ক্ষতির বিষয়টি অনুধাবন করে তারা সেই প্রকল্প বাতিল করে।
আবদুর রহমান বলেন, ‘১৮ অক্টোবর আমাদের জাতীয় কমিটি ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সে দেশের প্রধানমন্ত্রীকে চিঠি দিতে যাচ্ছিল। পথে শান্তিপূর্ণ মিছিলে হামলা চালিয়েছে পুলিশ। কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপসহ জলকামান থেকে পানি ছুড়ে অর্ধশত লোককে আহত করেছে পুলিশ।’