রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানুষ চাঁদে যেতে পারবে, মঙ্গল গ্রহেও যেতে পারবে। কিন্তু একবার ধ্বংস হলে হাজার কোটি টাকার বিনিময়েও আরেকটি সুন্দরবন বানানো যাবে না। রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলা হয়। এই বিদ্যুৎকেন্দ্র নির্মিত হলে সুন্দরবনের ভয়াবহ ক্ষতি হবে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করা হয় সংবাদ সম্মেলনে।

আজ বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেসক্লাবে ‘সুন্দরবন বাঁচাও, খুলনা বাঁচাও’ প্রতিপাদ্য নিয়ে ‘খুলনার সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সুন্দরবন রক্ষায় রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে আগামীকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরের শিববাড়ি মোড়ে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনজামামুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টি সারা দেশে গভীর উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে। দেশ-বিদেশের গণমাধ্যম ও বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে পাওয়া তথ্য অনুসারে, বিদ্যুৎকেন্দ্রটি নির্মিত হলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ ও অর্থনীতির ভয়াবহ ক্ষতি হবে। সাড়ে চার বছর ধরে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সময়ে আমদানি করা কয়লাসহ নির্মাণপণ্য ও যন্ত্রপাতি সুন্দরবনের ভেতর দিয়ে নদীপথে পরিবহন করার সময় বাড়তি নৌযান চলাচলে তেল নিঃসরণ, শব্দদূষণ, আলো, বর্জ্য নিঃসরণে বনের পরিবেশের মারাত্মক বিপর্যয় হবে।
এতে বলা হয়, ইউনেসকোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় থাকা সুন্দরবনের ৩১ ভাগ জুড়ে রয়েছে জলাভূমি। এ রকমটি কোথাও নেই, ছিল না, থাকবে না। মানুষ চাঁদে যেতে পারবে, মঙ্গল গ্রহেও যেতে পারবে। কিন্তু একবার ধ্বংস হলে হাজার কোটি টাকার বিনিময়েও আরেকটি সুন্দরবন বানানো যাবে না।
সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি খুলনার আহ্বায়ক এস এম শাহনেওয়াজ আলী, কমিটির সদস্যসচিব বাবুল হাওলাদার, নির্বাহী পরিষদের সদস্য এস এম ইকবাল হোসেন, মহিলা পরিষদ খুলনার সাধারণ সম্পাদক রুসু আক্তার প্রমুখ।