রামপালে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণে জনগণের মতামত জানতে সরকারের কাছে গণভোটের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শনিবার মানিকগঞ্জে দলের অষ্টম জেলা সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানের আলোচনা সভায় সিপিবির কেন্দ্রীয় কমিটির সদস্য রুহিন হোসেন প্রিন্স এ দাবি জানান।
রুহিন হোসেন বলেন, ‘রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের সিদ্ধান্তের প্রতিবাদে আমরা দীর্ঘদিন ধরে লড়াই-সংগ্রাম করে যাচ্ছি। দেশের স্বার্থবিরোধী এ চুক্তি জনগণ চায় না। এমনকি আওয়ামী লীগেরও অধিকাংশ নেতা-কর্মীও এটা চান না, যদিও প্রকাশ্যে তাঁরা মতামত ব্যক্ত করছেন না। কতিপয় স্বার্থান্বেষী রাজনৈতিক তাঁদের পকেট ভারী করতে সরকারকে ভুল ব্যাখ্যা দিয়ে রামপালের পক্ষে মতামত দিয়েছেন। রামপালে বিদ্যুৎকেন্দ্র হবে কি হবে না, তা নিয়ে সরকার গণভোটের আয়োজন করতে পারে।’
রুহিন হোসেন বলেন, সুন্দরবন এ দেশের মানুষের প্রাকৃতিক রক্ষা বর্ম। বেশি দামে সামান্য বিদ্যুৎ উৎপাদন করার মধ্য দিয়ে সুন্দরবনকে ধ্বংস করার মতো আত্মঘাতী কাজ থেকে সরকারকে সরে আসতে হবে। তিনি বলেন, আজ ফারাক্কার ক্ষতি সবাই অনুধাবন করছে। এ ভুল শোধরানোর সময় নেই, ক্ষতি তো হলোই। সুন্দরবনের পাশে বিদ্যুৎকেন্দ্র হলে ভবিষ্যতে এমন হা-হুতাশ করতে হবে। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধে জনগণের যৌক্তিক দাবি থেকে তাঁরা পিছু হটবেন না।
শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন ভাষাসৈনিক ও মুক্তিযুদ্ধের সংগঠক আবদুল হাকিম মাস্টার। এরপর উদ্বোধনী অনুষ্ঠানে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক নজরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সদস্য রুহিন হোসেন, সাদেকুর রহমান, জেলা সিপিবির সভাপতি আজাহারুল ইসলাম, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, জাসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন খান, জেলা সেক্টরস ফোরামের সভাপতি মঞ্জুর আহমেদ, জেলা ক্ষেতমজুর পার্টির সভাপতি আবদুল মান্নান, জেলা যুব ইউনিয়নের সাধারণ সম্পাদক আরশেদ আলী, জেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি এম আর লিটন প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে জেলা শহরে শোভাযাত্রা বের করা হয়। শহর প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি জেলা পরিষদে গিয়ে শেষ হয়। এরপর বেলা তিনটার দিকে জেলা পরিষদের মিলনায়তনে সম্মেলনে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত দলের নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতে ১৯ সদস্যবিশিষ্ট দলের জেলা কমিটি গঠন করা হয়। এতে নূরুল ইসলামকে সভাপতি ও মজিবর রহমান মাস্টারকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।