বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রতিবাদে গতকাল শনিবার দুপুর ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেছে পরিবেশবাদী সংগঠন পরিবেশ সংরক্ষণ উদ্যোগ। মানববন্ধনে সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন বলেন, সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। বছরের পর বছর এটি বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগের ঢাল হিসেবে কাজ করেছে। বন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লা বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে মারাত্মক হুমকির মুখে পড়বে এটি। সংগঠনের সভাপতি নওরীন রীমা বলেন, রামপালে বিদ্যুৎকেন্দ্র থেকে সৃষ্ট বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস এবং ছাই সুন্দরবনের পরিবেশ ও মানব স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলবে। এর ফলে সুন্দরবনে পানি দূষিত হবে এবং জীববৈচিত্র্য ধ্বংস হবে। মানববন্ধনে অংশ নেন পরিবেশ সংরক্ষণ উদ্যোগের প্রধান উপদেষ্টা প্রাণীবিজ্ঞান বিভাগের অধ্যাপক মনোয়ার হোসেন তুহিন, উপদেষ্টা অধ্যাপক সালেহ আহমেদ, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক ওয়াহিদুজ্জামান ও অধ্যাপক কামরুল হাসান। সাধারণ শিক্ষার্থীরাও মানববন্ধনে অংশ নেন।