রামপালে বিদ্যুৎকেন্দ্র বাতিল চান খুলনার শিক্ষার্থীরা
বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন খুলনার শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে খুলনায় এক সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
‘বিদ্যুৎকেন্দ্র চাই, তবে সুন্দরবনের কাছে নয়’ প্রতিপাদ্য নিয়ে খুলনা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। ‘খুলনার সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আয়োজিত এ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইনজামামুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, সুন্দরবন থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের বিষয়টি দেশবাসীর সঙ্গে আমাদের মধ্যেও গভীর উদ্বেগ-উৎকণ্ঠার সৃষ্টি করেছে। দেশ-বিদেশের গণমাধ্যম ও বৈজ্ঞানিক বিশ্লেষণ থেকে জানতে পেরেছি, এই সর্বনাশা সিদ্ধান্তের ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সুন্দরবনের পরিবেশ, প্রতিবেশ ও অর্থনীতির ভয়াবহ ক্ষতি হবে।
সংবাদ সম্মেলনে খুলনার বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।