রামপালে বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে মানববন্ধন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে খুলনায় মানববন্ধন হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নগরের শিববাড়ি মোড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করেন।
কর্মসূচিতে ‘এরপর হলে আইল-সিডর, কে বাঁচাবে খুলনা শহর’, ‘সুন্দরবন আমার মা, রামপালে বিদ্যুৎকেন্দ্র হতে দেব না’, ‘উন্নয়ন না ছাই, সুন্দরবনের কান্না শুনতে পাই’, ‘সুন্দরবনের কান্না, আমরা কি শুনব না’ প্রভৃতি স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জনমত, বিশেষজ্ঞদের পরামর্শ উপেক্ষা করে সুন্দরবনের মাত্র ১৪ কিলোমিটার দূরে রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের চুক্তি করছে সরকার। বিশ্ব যখন কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করছে, তখন বাংলাদেশের পরিবেশ ধ্বংস করার জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
শিক্ষার্থীদের এই মানববন্ধনে পরিবেশবাদী, কবি, শিল্পী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।