রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন চুক্তি বাতিলের দাবি

রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মূল অবকাঠামো নির্মাণ চুক্তি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির নারায়ণগঞ্জ জেলা শাখা।
গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে মিছিল বের করা হয়। মানববন্ধন চলাকালে সংগঠনটির জেলা আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, নির্বাচিত কোনো সরকারই জনমতকে উপেক্ষা করে ইচ্ছেমতো যেকোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকারপ্রাপ্ত হয় না। যে সরকার জনগণের আকাঙ্ক্ষার প্রতি ন্যূনতম শ্রদ্ধাশীল, সে সরকার দেশের মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই গণভোটের আয়োজন করবে। তিনি অবিলম্বে এ চুক্তি বাতিল করে সুন্দরবনবিনাশী কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
রফিউর রাব্বি বলেন, ১২ জুলাই সরকার অনেকটা চুপিসারে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপনের মূল অবকাঠামো নির্মাণ চুক্তি স্বাক্ষর করেছে। অথচ কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য পরিবেশ মন্ত্রণালয় এখনো ছাড়পত্র দেয়নি। সুন্দরবনের অস্তিত্বের জন্য হুমকি হিসেবে বিবেচিত এ সর্বনাশা সিদ্ধান্তে দেশ ও সারা বিশ্বের পরিবেশবাদীরা হতবাক হয়েছেন। দেশ-বিদেশের বিভিন্ন সংস্থা ও বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন, এ প্রকল্প সুন্দরবন ধ্বংসের মাধ্যমে বাংলাদেশ ও বিশ্বের অপূরণীয় ক্ষতি করবে। তারপরও সরকার সব জনমত ও বিশেষজ্ঞের মত উপেক্ষা করে দেশের জন্য মহা বিপদ ডেকে আনছে। এ চুক্তির আয়োজন প্রমাণ করে যে, সুন্দরবন ধ্বংসের মতো আত্মঘাতী কার্যক্রম ও লুটপাট নির্বিঘ্ন করার ক্ষেত্রে সরকারের সক্রিয়তা উন্মাদনার পর্যায়ে পৌঁছেছে। মুক্তিযুদ্ধের সপক্ষের কথা বলে সরকার রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপনের যে সর্বনাশী সিদ্ধান্ত নিয়েছে, ভবিষ্যতে তা এ সরকারের কলঙ্কিত অধ্যায় হিসেবেই চিহ্নিত হবে। বাংলাদেশের ইতিহাসে ১২ জুলাই ‘কালো দিবস’ হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, সিপিবির জেলা সংগঠক দুলাল সাহা, বাসদের
জেলা সংগঠক আবু নাইম খান, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ বক্তব্য দেন।