রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে ক্ষতির প্রভাব বইতে হবে কয়েক শ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের পাশে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে জনগণকে প্রজন্মের পর প্রজন্ম আগামী কয়েক শ বছর এই প্রকল্পের ক্ষতির বোঝা বইতে হবে। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্যসচিব অধ্যাপক আনু মুহাম্মদ গতকাল শুক্রবার বিকেলে এ আশঙ্কা প্রকাশ করেছেন। তিনি বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের মাঠে বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ আয়োজিত সমাবেশে অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রামপাল ও ওরিয়ন তাপবিদ্যুৎ প্রকল্প বাতিল এবং সুন্দরবন-প্রাণ-প্রকৃতি-পরিবেশ ও কৃষিজমি রক্ষার দাবি জানিয়ে গতকালের ওই সমাবেশের আয়োজন করা হয়। এতে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, যত বুর্জোয়া সরকার আসবে, তারা প্রত্যেকেই জনগণের সেবক নয়। তারা ধনিক শ্রেণি, ভারত এবং সাম্রাজ্যবাদের সেবক। জনগণের স্বার্থ আদায় করতে হলে জনগণকেই তাদের সম্পদ পাহারা দিতে হবে।
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ‘দেশের বর্তমান ও ভবিষ্যতের স্বার্থে কোনোভাবেই আমরা রামপাল ও ওরিয়ন তাপবিদ্যুৎ প্রকল্প হতে দিতে পারি না। সরকার বলছে, এই প্রকল্প ভালো। যদি ভালোই হয়, আমাদের কথা বলতে দিতে অসুবিধা কী? আমাদের সভা-সমাবেশে বাধা দেওয়া হয় কেন? আমাদের নৈতিক বল, নৈতিক শক্তির সামনে সরকারের দাঁড়ানোর ক্ষমতা নেই। সেই জন্য তারা আমাদের কথা বলতে বাধা দেয়।’
বাংলাদেশের ইউনাইটেড কমিউনিস্ট লীগ পুলিশি বাধায় তাদের পূর্বনির্ধারিত বাগেরহাট শহরের পুরোনো কোর্ট চত্বরে সমাবেশ করতে না পেরে সদর উপজেলার ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের মাঠে সংক্ষিপ্ত সমাবেশ করে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য রণজিৎ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন, সম্পাদকমণ্ডলীর সদস্য আজিজুর রহমান, বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক মুনসুর ডাকুয়া প্রমুখ।
বাগেরহাটের রামপাল উপজেলার কৈর্গদাসকাঠি-সাপমারী মৌজায় ১ হাজার ৭৩৪ একর জমি অধিগ্রহণ করে ১ হাজার ৩২০ মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে ২০১০ সালে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি (এনটিপিসি) এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) মধ্যে এক চুক্তি সম্পাদন হয়। এরপর থেকে দেশের পরিবেশবাদী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল সুন্দরবনের পাশে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করে আন্দোলন শুরু করে।