রামপালে বিদ্যুৎকেন্দ্র হলে সুন্দরবনের ক্ষতি হবে না: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে বলে মনে করেন না অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিদ্যুৎকেন্দ্রটি স্থাপনের বিরোধিতাকারীদের সমালোচনা করে অর্থমন্ত্রী বলেন, তাঁদের বিরোধিতা অর্থহীন ও ভিত্তিহীন। এ বিরোধিতা মোটেই তথ্যনির্ভর নয় এবং ভুল দর্শনের ওপর দাঁড়িয়ে তাঁরা আন্দোলন করছেন।
শিগগির এ ব্যাপারে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বড় আকারের একটি বৈঠক করার কথা উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, রামপালের পাশাপাশি নতুন করে আরও পাঁচটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে।
সচিবালয়ে গতকাল রোববার অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
বাংলাদেশ-ভারত যৌথ উদ্যোগে বাগেরহাটের রামপালে এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ রয়েছে সরকারের। তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি ও বামপন্থী দলগুলো এর বিরোধিতা করছে। ২৪ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে রামপালমুখী লংমার্চও করেছে।
আগামী ২২ অক্টোবর এই বিদ্যুৎকেন্দ্রের ভিত্তিপ্রস্তর স্থাপিত হওয়ার কথা। আন্দোলনকারীরা ১১ অক্টোবরের মধ্যে এ সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসতে সরকারকে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছে।
নিজেকে পরিবেশবাদী উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘একটা জিনিস বোঝা উচিত, কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্র আমাদের করতেই হবে, তা আনু মুহাম্মদ সাহেব যা-ই বলুন না কেন। কারণ, কয়লা সবচেয়ে সস্তা। আর আমরা সেটাই ব্যবহারের চেষ্টা করছি।’ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) প্রতিষ্ঠাতা সভাপতি অর্থমন্ত্রী।
পাঁচ বিদ্যুৎকেন্দ্রের প্রস্তাব অনুমোদিত: ক্রয় কমিটিতে এক হাজার ৫০০ থেকে দুই হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতার আরও পাঁচটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনের প্রস্তাব অনুমোদিত হয়েছে। নির্মাণ, মালিকানা ও পরিচালনা (বিওও) পদ্ধতিতে এগুলো স্থাপিত হবে। এর মধ্যে তিনটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করবে ওরিয়ন গ্রুপ, আর দুটি করবে এস আলম গ্রুপ।