রামপালে বিদ্যুৎকেন্দ্রের ক্ষতিকর প্রভাব পড়বে সুন্দরবনে
বাগেরহাটের রামপালে সুন্দরবনসংলগ্ন সাপমারী-কাটাখালী এলাকায় কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে সুন্দরবন ও সংলগ্ন লোকালয়ের ওপর এর ক্ষতিকর প্রভাব পড়বে। এ কারণে এলাকার মাটি, পানি ও বাতাসে দূষণসহ লবণাক্ততা ও তাপমাত্রা বাড়বে।গত সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মিট দ্য প্রেস অনুষ্ঠানে নিজের তৈরি একটি গবেষণা প্রতিবেদন উপস্থাপনকালে খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান ডিসিপ্লিনের শিক্ষক আবদুল্লাহ হারুন চৌধুরী এ দাবি করেন। ২০১১ সালের আগস্ট থেকে চলতি বছরের জুলাই পর্যন্ত বাগেরহাটের রামপাল ও মংলা উপজেলা এবং সংলগ্ন সুন্দরবন এলাকার ওপর গবেষণা শেষে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।প্রতিবেদনে আশঙ্কা করা হয়, রামপালে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলে ২০ বছরের মধ্যে এলাকার পানি, বাতাস ও মাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এলাকার পানি শতভাগ, বাতাস ৯০ ভাগ এবং মাটি ৬৫ ভাগ দূষিত হয়ে পড়বে। তাপমাত্রা ও মাটিতে লবণাক্ততা বাড়বে। হারুন চৌধুরী জানান, তাপবিদ্যুৎকেন্দ্রের বর্জ্য, কয়লা ধোয়া পানি, কয়লার সালফার, লৌহসহ বিভিন্ন খনিজ উপাদান এবং কেন্দ্র থেকে নিঃসরিত কার্বন ডাই-অক্সাইড ও কার্বন মনো-অক্সাইড গ্যাসের মতো বিভিন্ন ক্ষতিকর গ্যাস থেকে এসব দূষণ সৃষ্টি হবে। ফলে সুন্দরবনের জীববৈচিত্র্যসহ এলাকার কৃষি ও মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়বে, সবুজবেষ্টনী ক্ষতিগ্রস্ত হবে। হারুন চৌধুরী আরও বলেন, প্রস্তাবিত এই প্রকল্পে দূষণ প্রতিরোধের জন্য ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি যে ‘আলট্রা সুপার ক্রিটিক্যাল মেথড’ ব্যবহারের কথা বলছে, তা সঠিক নয়। কারণ, ভারতে এখনো এই পদ্ধতি ব্যবহার করা হয়নি; সেখানে ২০১৭ সালে এই পদ্ধতি প্রয়োগ করে তাপবিদ্যুৎকেন্দ্র চালু করার প্রস্তাব করা হয়েছে মাত্র। আর উন্নত বিশ্বে এই পদ্ধতি এখনো পরীক্ষামূলক স্তরে রয়েছে।অনুষ্ঠানে লিখিত বক্তব্য পড়েন বাগেরহাট ডেভেলপমেন্ট কমিশন সোসাইটির চেয়ারম্যান শেখ মোহম্মদ জাকির হোসেন। উপস্থিত ছিলেন সেভ দ্য সুন্দরবনের প্রধান সমন্বয়কারী শেখ ফরিদুল ইসলাম, রামপাল কৃষিজমি রক্ষা কমিটির সভাপতি সুশান্ত দাস, সেন্টার ফর হিউম্যান রাইটস মুভমেন্টের মহাসচিব মোজাহেদুল ইসলাম, তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি বাগেরহাট জেলার আহ্বায়ক রণজিৎ চট্টোপাধ্যায় প্রমুখ।বক্তারা বলেন, সরকার এই প্রকল্পের পরিবেশগত প্রভাব সম্পর্কে জানগণকে জানতে না দিয়ে গোপনে প্রকল্পটি বাস্তবায়নের চেষ্টা করছে।বাগেরহাটের রামপাল উপজেলার সাপমারী ও কাটাখালী এলাকায় সুন্দরবন থেকে প্রায় সাড়ে নয় কিলোমিটার দূরে সরকার ভারতের সঙ্গে যৌথভাবে দুটি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র স্থাপনের উদ্যোগ নেয়। প্রায় এক হাজার ৩২০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন এই দুটি বিদ্যুৎকেন্দ্র স্থাপনে ২০০৯ সালে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার কোম্পানি এবং বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের মধ্যে চুক্তি সই হয়।