রামপালে সংঘর্ষে আহত ১৫ একজন গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লাবাজারে গতকাল বুধবার বিকেল পাঁচটার দিকে জামায়াতে ইসলামীর কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত তিন জামায়াতের কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ফয়লা বাসস্ট্যান্ডের কাছে জামায়াতের একটি মিছিল থেকে পুলিশের ওপর ইট ছোড়ার পর পুলিশের সঙ্গে মিছিলকারীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ অর্ধশতাধিক টিয়ার গ্যাসের শেল ও ফাঁকা গুলি ছোড়ে।
আহত ব্যক্তিদের মধ্যে মুজাহিদ (১৭), আবদুল আজিজ (৪০), সিরাজুল ইসলাম হাওলাদার (৩৮), বাকী বিল্লাহ (৩৮) নামের চার জামায়াত কর্মীর নাম জানা গেছে। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ মুজাহিদকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যরা পুলিশের লাঠি ও ইটের আঘাতে গুরুতর আহত হয়েছেন।