রামপালে হামলায় আহত ছাত্রলীগ কর্মীর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের রামপাল উপজেলায় চিংড়িঘের নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় আহত রফিকুল ইসলাম নামে ছাত্রলীগের এক কর্মী মারা গেছেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়। রফিকুলের বাড়ি উপজেলার শ্রীফলতলা গ্রামে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শ্রীফলতলা মৌজায় একটি চিংড়িঘের নিয়ে রফিকুলের বাবা ফজলু শেখের সঙ্গে স্থানীয় ভূমিহীনদের বিরোধ চলছিল। ২৬ মার্চ সকালে ফজলু, রফিকুলসহ ১০-১২ জন ওই চিংড়িঘেরে যান। একপর্যায়ে অন্য একটি দল তাঁদের ওপর হামলা চালায়। এ সময় রফিকুল মাথায় গুরুতর আঘাত পান। পরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রামপাল থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, গতকাল দুপুরে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রফিকুলের মৃত্যু হয়।