রামপালে ১৪৪ ধারা, ঢাকায় সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের রামপালে কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচির কারণে উপজেলার ফয়লা বাসস্ট্যান্ড মোড় এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। গতকাল শনিবার সকাল আটটা থেকে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ ছিল।
রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান জানান, সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি নামের একটি নতুন সংগঠন রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে ফয়লা বাসস্ট্যান্ড মোড়ে গতকাল ১০টায় গণসমাবেশ করবে মর্মে উপজেলার বিভিন্ন স্থানে প্রচারপত্র বিলি করে। অন্যদিকে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা একই স্থানে একই সময়ে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের দাবিতে সমাবেশে আহ্বান করেন। এ ঘটনায় এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই এলাকায় গতকাল সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা হয়।
এর প্রতিবাদে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা গতকাল দুপুরের দিকে বাগেরহাট প্রেসক্লাবে একটি সংবাদ সম্মেলন করেন। এতে অভিযোগ করা হয়, তাঁদের সমাবেশ পণ্ড করতেই ১৪৪ ধারা জারি করা হয়। সংবাদ সমেঞ্চলনের পর ১৪৪ ধারা জারির প্রতিবাদে বাগেরহাট শহরে বিক্ষোভ মিছিল করেন ওই এলাকার জমির মালিকসহ সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির নেতারা।
রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবিতে ২৪ থেকে ২৮ সেপ্টেম্বরের লংমার্চ সফল করার আহ্বানে গতকাল রাজধানীর পুরানা পল্টন মোড়ে সমাবেশ করেছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বন্দর-বিদ্যুৎ রক্ষা জাতীয় কমিটি। এরপর একটি মিছিল জাতীয় প্রেসক্লাব থেকে শুরু হয়ে মতিঝিলের উদ্দেশে রওনা হলে পুলিশ পল্টন মোড়ে এসে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে জাতীয় কমিটির নেতা-কর্মীদের মধ্যে বাগিবতণ্ডা হয়। পরে পল্টনে সমাবেশ হয়ে পদযাত্রাটি শেষ।
সমাবেশে জাতীয় কমিটি নেতারা বলেন, বাগেরহাটে ১৪৪ ধারা জারি করে সুন্দরবন রক্ষায় জাতীয় জাগরণ থামানো যাবে না। কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, সরকার বিদ্যুতের কথা বলে সুন্দরবন ধ্বংস করছে। ১১ সেপ্টেম্বর বিকেল সাড়ে চারটায় বাহাদুর শাহ পার্ক থেকে প্রেসক্লাব অভিমুখে সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হবে।
সিপিবি: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রামপাল বিদ্যুৎকেন্দ্র প্রকল্প বাতিলের দাবিতে গতকাল পদযাত্রা ও সমাবেশের আয়োজন করে।