রামপালের কারণে সুন্দরবনের ক্ষতি হবে না: বনমন্ত্রী
রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে স্থাপন করা হচ্ছে। সেখানে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। এই বিদ্যুৎকেন্দ্রের কারণে সুন্দরবনের কোনো ক্ষতি হবে না। গতকাল বুধবার রাজধানীতে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন এসব কথা বলেন।
বিশ্বব্যাংকের সহায়তায় বাংলাদেশ-ভারত সুন্দরবন আঞ্চলিক সহযোগিতা উদ্যোগ প্রকল্পের অংশ হিসেবে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) সেমিনারটির আয়োজন করে। রাজধানীর বনানীতে অবস্থিত সংস্থাটির সভাকক্ষে অনুষ্ঠিত ওই সেমিনারে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন গবেষক ও বিশেষজ্ঞরা বক্তব্য দেন। সুন্দরবন রক্ষায় দুই দেশের মধ্যে একটি অভিন্ন উদ্যোগ বা প্ল্যাটফর্ম গড়ে তোলার ওপর জোর দেন তাঁরা। সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপস্থিত ছিলেন।
রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরোধিতার পেছনে ভারতবিরোধী মনোভাব কাজ করছে মন্তব্য করে আনোয়ার হোসেন বলেন, বাংলাদেশ ও ভারত এই প্রকল্প বাস্তবায়ন করছে, তাই অনেকে এর বিরোধিতা করছেন।
সেমিনারে প্রধান বন সংরক্ষক ইউনুস আলী বলেন, সুন্দরবনে মিষ্টি পানির অন্যতম উৎস গড়াই, মধুমতি ও মাথাভাঙা পলি পড়ে শুকিয়ে গেছে, যা সুন্দরবনের জন্য বড় ধরনের বিপর্যয় ডেকে এনেছে।
সেমিনারে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) নির্বাহী পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশ ও ভারত যৌথভাবে সুন্দরবন রক্ষার উদ্যোগ নিয়েছে। কিন্তু এ দুই দেশ মিলে সুন্দরবনের পাশে রামপাল বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। ভারত-বাংলাদেশ নৌ-রুটের অংশ হিসেবে সুন্দরবনের ভেতর দিয়ে জাহাজ চলাচল করছে। সুন্দরবন রক্ষার এই উদ্যোগ থেকে রামপাল বিদ্যুৎকেন্দ্র ও নৌপথের প্রভাব খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।
বিশ্বব্যাংক, ভারতের পরিবেশ ও অর্থনীতি বিভাগের প্রধান সুস্মিতা দাসগুপ্তা বলেন, সুন্দরবনের লবণাক্ততা বৃদ্ধির পরিমাণ নিয়ে বিশ্বব্যাংকের উদ্যোগে বেশ কিছু গবেষণা হয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় বিশ্বব্যাংকের একটি আঞ্চলিক প্রকল্প চলছে। তবে দুই দেশের সুন্দরবন রক্ষায় অভিন্ন উদ্যোগ নেওয়ার ওপরে জোর দেন তিনি।
সেমিনারের শুরুতে জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আশিকুর রহমান সুন্দরবন বিষয়ে বাংলাদেশ ও ভারত কীভাবে যৌথ উদ্যোগ নিতে পারে, তার ওপর একটি উপস্থাপনা তুলে ধরেন। পিআরআইয়ের নির্বাহী পরিচালক আহসান মনসুরের সঞ্চালনায় মুক্ত আলোচনায় বক্তব্য দেন সাবেক কূটনীতিক সৈয়দ নুর হোসেন, ভারতের অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের ফেলো জয়িতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের ইনস্টিটিউট অব ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের গবেষক শ্রুতি পট্টনায়েক।