রামপালের বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবি সুজনের
রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধ এবং সুন্দরবন এলাকা থেকে নিরাপদ দূরত্বে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নের দাবি জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)।
গতকাল সোমবার সংগঠনের সভাপতি এম হাফিজউদ্দিন খান ও সম্পাদক বদিউল আলম মজুমদারের সই করা এক বিবৃতিতে এ দাবি জানানো হয়। সুন্দরবন রক্ষায় তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ ৫৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি যে আন্দোলন করছে, তাতেও সংহতি জানিয়েছে সুজন।
বিবৃতিতে বলা হয়, প্রকল্পের জন্য নির্ধারিত স্থানটি সুন্দরবন থেকে ১৪ কিলোমিটারেরও কম। এ প্রকল্পে কয়লা পরিবহনের সময় কয়লার গুঁড়ো বা ক্ষুদ্র কণা উড়ে পানিতে মিশবে। ফলে পানি দূষিত হবে, যার প্রভাব জলজ প্রাণী ও পরিবেশের ওপর গিয়ে পড়বে। সব মিলিয়ে এ প্রকল্প বাস্তবায়িত হলে তা হবে বাংলাদেশের জন্য আত্মঘাতী। এতে শুধু বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনই ধ্বংস হবে না, বিপর্যস্ত হবে জীববৈচিত্র্য, দূষিত হবে নদ-নদী এবং কর্ম হারাবে লাখ লাখ প্রান্তিক মানুষ।
বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ অত্যন্ত অপরিহার্য একটি অনুষঙ্গ। তাই সময়ের চাহিদা পূরণের জন্য বিদ্যুৎ উত্পাদন বৃদ্ধি সরকারের জন্য একটি অত্যাবশ্যকীয় করণীয়। কিন্তু তা জাতীয় স্বার্থের ক্ষতি করে নয়। তাই সরকারের প্রতি উদাত্ত আহ্বান, রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন অবিলম্বে বন্ধ করুন। নিয়মতান্ত্রিকভাবে সব প্রস্তুতি সম্পন্ন করে সুন্দরবন থেকে নিরাপদ দূরত্বে বাস্তবায়ন করুন। সুজন মনে করে, বিদেশের সঙ্গে সম্পাদিত যেকোনো চুক্তি সম্পর্কে রাষ্ট্রপতির মাধ্যমে জাতীয় সংসদে আলোচনা করার ব্যাপারে সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। জনস্বার্থে এ ধরনের চুক্তি নিয়ে গণশুনানি করা আবশ্যক। বিজ্ঞপ্তি।