রামপালের সেই ইউপি চেয়ারম্যান কারাগারে
বিআইডব্লিউটিএর খননযন্ত্রের চালককে মারধর এবং সরকারি কাজে বাধা দেওয়ার মামলায় বাগেরহাটের রামপাল উপজেলার পেড়িখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ওরফে বাবুলকে কারাগারে পাঠানো হয়েছে।
গতকাল বুধবার দুপুরে বাগেরহাটের মুখ্য বিচারিক হাকিম আদালত রফিকুলের জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠান। একই সময় রামপালের পেড়িখালী বাজারে রফিকুলের শাস্তির দাবিতে স্থানীয় লোকজন বিক্ষোভ করেন। বিভিন্ন সময় রফিকুলের ‘নির্যাতনের শিকার’ ইউনিয়নের নানা বয়সের নারী-পুরুষ এ বিক্ষোভে অংশ নেন।
রামপাল থানা-পুলিশ জানায়, সরকারের অগ্রাধিকার প্রকল্প মংলা-ঘষিয়াখালী আন্তর্জাতিক নৌপথের রামপাল পুরোনো ঘাট এলাকায় মঙ্গলবার সকালে বিআইডব্লিউটিএর একটি খননযন্ত্র (ড্রেজার) কাজ শুরু করে। এর কিছুক্ষণ পর তুচ্ছ ঘটনার জের ধরে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম লোকজন নিয়ে ড্রেজার মাস্টার শাহজাহানকে (৫৫) মারধর করেন। এ ঘটনার পরপরই এ নৌপথ খননকাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর নয়টি খননযন্ত্রের চালক ও কর্মচারীরা কয়েক ঘণ্টা কাজ বন্ধ রাখেন। এরপর রফিকুলকে রামপাল পুলিশ আটক করে থানায় নিয়ে আসে। মঙ্গলবার রাত সাড়ে আটটায় খননযন্ত্রের চালক শাহজাহান বাদী হয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক ঠাকুর চন্দ্র দাস বলেন, এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার রাতেই রফিকুলকে বাগেরহাট আদালতে পাঠানো হয়। বুধবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।