রামপুরা খাল দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে রামপুরা খাল দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে দেশের বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন। গতকাল শনিবার বেলা ১১টায় রামপুরায় বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, মগবাজার, মধুবাগ, উলন, দাসপাড়া, রামপুরা, খিলগাঁও, মেরুল বাড্ডা, বেগুনবাড়ী এলাকার বৃষ্টির পানি ধারণের অন্যতম প্রধান আধার এই রামপুরা খাল। কিন্তু সিটি করপোরেশনের বর্জ্যসহ বিভিন্নভাবে খালটি ভরাট ও দূষণ হচ্ছে। অথচ ঢাকা শহরের পরিবেশ রক্ষা ও নাগরিক প্রয়োজনে খালটি খুবই গুরুত্বপূর্ণ। বর্ষায় জলাবদ্ধতা ও পরিবেশগত দিক বিবেচনায় খালটি দখল ও দূষণমুক্ত করা জরুরি।

বক্তারা বলেন, আশির দশকের শুরুর দিকে রামপুরা খালের পশ্চিমাংশ থেকে কারওয়ান বাজার পর্যন্ত নৌপথ চালু ছিল। নৌপথে হাতিরঝিল দিয়ে সবজি ও অন্যান্য জিনিসপত্র কারওয়ান বাজারে যেত। কিন্তু ঢাকা শহরের এক-তৃতীয়াংশ এলাকার গৃহস্থালি ও পয়োবর্জ্য এবং দূষিত পানি এখন হাতিরঝিলের পরিবর্তে ওই খাল দিয়ে প্রবাহিত হচ্ছে। বনশ্রীর কিছু অংশ, দক্ষিণ বনশ্রী, মেরাদিয়া, ভূঁইয়াপাড়া, মাদারটেক ও আশপাশের এলাকা থেকে সংগ্রহ করা ময়লা রামপুরা খালে ফেলা হচ্ছে। এ ছাড়া নৌকায় আশপাশের এলাকা থেকে মেরাদিয়া হাটে ফলমূল ও শাকসবজি নিয়ে পাইকারি বিক্রেতারা আসেন। তাঁরাও নষ্ট হয়ে যাওয়া তরিতরকারি
খালেই ফেলছেন। এতে দুর্গন্ধে এই এলাকার বাসিন্দাদের স্বাভাবিক জীবনযাত্রা হচ্ছে ব্যাহত।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, মেরাদিয়ার এই বিষাক্ত পানির প্রবাহ রামপুরা, বনশ্রী ও আফতাবনগরের প্রায় ১৫ কিলোমিটার এলাকায় দুর্গন্ধ ছড়াচ্ছে। পরে তা বালু ও বুড়িগঙ্গা নদীতে গিয়ে মিশছে। এ ছাড়া রামপুরা সেতুর নিচে পৃথক দুটি নর্দমা দিয়ে গুলশান, বাড্ডা, তেজগাঁও, রামপুরা, মগবাজার ও কারওয়ান বাজার এলাকার গৃহস্থালি ও সুয়ারেজের পানি মিশছে এই নদীতে। বর্জ্য থেকে উৎপন্ন গ্যাস বুদ্বুদের মতো উঠে পানিতে ফেনা তুলছে। দুর্গন্ধ থেকে রক্ষা পেতে সব সময়ই বাড়ির জানালা বন্ধ করে রাখছেন আশপাশের এলাকার বাসিন্দারা। দিন যত যাচ্ছে, ততই দুর্গন্ধ বাড়ছে। অথচ খাল-জলাধার একটি নগরীর প্রাণপ্রবাহের মতো। অবিলম্বে খালটি দখল ও দূষণমুক্ত করতে হবে।
পবার যুগ্ম সাধারণ সম্পাদক ও নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের (নাসফ) সভাপতি হাফিজুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে পবার চেয়ারম্যান আবু নাসের খান, পল্লীমা গ্রিনের সদস্যসচিব আনিসুল হোসেন, লাল-সবুজের মেলার সভাপতি এম এ আকরাম, বনশ্রী ক্রিকেট একাডেমির সভাপতি শাহ আলম, কলোনি গ্রিনওয়ের সভাপতি এহসানুর রহমান, বন্ধু সংঘের সভাপতি জামাল উদ্দিন, পবার তোফায়েল আহমেদ, আতিক মোরশেদ, সেলিম, কামাল উদ্দিন, ক্যামেলিয়া চৌধুরী, ইউনুস আলী প্রমুখ বক্তব্য দেন।