রামপুরায় গৃহবধূ খুন, স্বামীর দায় স্বীকার
রাজধানীর রামপুরায় নিজ বাড়িতে আজ রোববার সকালে আজিমুন্নাহার (৩৮) নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ ঘটনায় তাঁর স্বামী সেলিম রেজাকে রক্তমাখা ছুরিসহ আটক করেছে পুলিশ।
পুলিশ বলেছে, সেলিম রেজা তাঁর স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন।
পুলিশ ও নিহত নারীর পারিবারিক সূত্র জানায়, সেলিম রেজা সপরিবারে রামপুরা বনশ্রীর ডি ব্লকের ৪ নম্বর সড়কের ২৬ নম্বরের নিজ বাড়িতে থাকতেন। সেলিম ও আজিমুন্নাহার দম্পতির দুটি সন্তান রয়েছে।
সূত্র জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সেলিম রেজার সঙ্গে স্ত্রী আজিমুন্নাহারের কথা-কাটাকাটি হয়। পরিবারের ভাষ্য, একপর্যায়ে আজিমুন্নাহার রান্নাঘর থেকে ছুরি এনে তাঁর স্বামী সেলিম রেজাকে আঘাত করতে যান। এ সময় সেলিম রেজা ছুরি কেড়ে নিয়ে তাঁর স্ত্রীর পেটে ঢুকিয়ে দেন। এতে আজিমুন্নাহার ঘটনাস্থলে মারা যান। পুলিশ বাসা থেকে রক্তমাখা ছুরিসহ সেলিম রেজাকে গ্রেপ্তার করে। পরে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান প্রথম আলো ডটকমকে জানান, দাম্পত্য কলহের জের ধরে আজিমুন্নাহারকে খুন করেছেন তাঁর স্বামী।