রামপুরায় মেসে দুজন অগ্নিদগ্ধ
রাজধানীর রামপুরায় একটি মেসে গতকাল শুক্রবার ভোরে রান্নাঘরের গ্যাসের চুলার আগুনে দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। অগ্নিদগ্ধ রাকিব হোসেন (২২) ও সরওয়ার সজীবকে (২৬) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রাকিব শান্তিনগর হাবীবুল্লাহ বাহার কলেজের স্নাতক শ্রেণির ছাত্র, সজীব পেশায় দরজি।
দগ্ধ রাকিবের ছোট ভাই মো. মামুন বার্ন ইউনিটে বলেন, রাকিব ও সজীব ২১ পূর্ব রামপুরায় থাকতেন। গতকাল ভোরে রান্নাঘরে যান রাকিব। তিনি গ্যাস লাইটার দিয়ে সিগারেট ধরানোর সময় হঠাৎ তা বিস্ফোরিত হয়। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় পাশের কক্ষে থাকা সজীবও দগ্ধ হন। চিৎকার শুনে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা এসে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
সজীবের ভগ্নিপতি বাসেদ বলেন, হয়তো রান্নাঘরের গ্যাসের চুলার লাইন খোলা বা লাইনে ছিদ্র ছিল। এ জন্য আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে প্রথমে রান্নাঘর এবং পরে পাশের কক্ষে ছড়িয়ে পড়ে।
বার্ন ইউনিটের চিকিৎসকেরা জানালেন, রাকিবের শরীরের ২৫ ভাগ এবং সজীবের ২০ ভাগ পুড়ে গেছে।