রামপুরায় যুবকের লাশ উদ্ধার
রাজধানীর রামপুরা এলাকায় আজ শনিবার সকালে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর পকেটে পাওয়া চিরকুটের তথ্য অনুযায়ী, ওই যুবকের নাম সুমন (২৬)। প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা বলে ধারণা করছে।
সকাল সাড়ে নয়টার দিকে উপপরিদর্শক (এসআই) আল মামুনের নেতৃত্বে রামপুরা থানার একটি দল ঘটনাস্থল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে। তিনি প্রথম আলো ডটকমকে জানান, রামপুরা মহানগর আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ফাঁকা একটি প্লটের গাছের সঙ্গে যুবকের লাশটি ঝুলে ছিল। তাঁর পকেটে একটি চিরকুট ও একটি ছোট ডায়েরি পাওয়া গেছে। চিরকুটে পাওয়া তথ্যানুযায়ী, যুবক আত্মহত্যা করেছেন।
এসআই আল মামুন আরও জানান, ডায়েরির ঠিকানা যুবকের গ্রামের বাড়ি গাইবান্ধায় বলে উল্লেখ আছে। তাঁর স্বজনের সঙ্গে যোগাযোগ করে পুলিশ জানতে পেরেছে, দুই দিন আগে রাগ করে বাসা থেকে বের হয়ে যান সুমন। মৃত্যুর কারণ নির্ণয়ের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।