রামপুরায় কথিত প্রযোজকসহ ছয়জন গ্রেপ্তার
রাজধানীর রামপুরা এলাকা থেকে গত শনিবার গভীর রাতে অস্ত্রসহ ১১ জনকে আটক করেছে পুলিশ। পরে এক টেলিভিশন অভিনেতাসহ পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত একটার দিকে রামপুরার কুঞ্জবন এলাকায় গুলির শব্দ পেয়ে টহল পুলিশ ওই এলাকায় যায়। এ সময় স্থানীয় লোকজনের তথ্যের ভিত্তিতে কুঞ্জবন এলাকায় এক কথিত চলচ্চিত্র প্রযোজকের কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করা হয়। এ সময় আরও তিনজন সেখান থেকে পালিয়ে যান। পরে ওই কার্যালয়ে তল্লাশি করে তিনটি পিস্তল, ১৪টি গুলি ও চারটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে দিনের বেলায় মডেল ও অভিনেতা পল্লবসহ পাঁচজনকে ছেড়ে দেওয়া হয়।
গ্রেপ্তার হওয়া ছয়জন হলেন কথিত প্রযোজক কামাল হোসেন, তাঁর সহযোগী ফরিদ উদ্দিন, ইসমাইল, ওবায়দুর রহমান বাদল, আফতাফ উদ্দিন ওরফে জনি ও লিটন মাতব্বর।
পুলিশ জানায়, বাকি ছয়জন জিজ্ঞাসাবাদে জানিয়েছেন, তাঁরা একটি চলচ্চিত্রের কাজের জন্য কামালের কার্যালয়ে আলোচনার জন্য গিয়েছিলেন। সেখানে অস্ত্র ও গোলাবারুদ থাকার বিষয়টি তাঁদের জানা ছিল না। এমনকি কামালের সন্ত্রাসী পরিচয় সম্পর্কেও তাঁদের ধারণা ছিল না। এ জন্য যাচাই করে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।
কামাল ওরফে ডিজিটাল কামাল-বৃত্তান্ত: পুলিশ জানায়, ডিজিটাল ফরমেটে বাংলা গানের ভিডিও তৈরি করেন কামাল হোসেন। এ জন্য নাম ‘ডিজিটাল কামাল’। রামপুরায় বিটিভি ভবনের পেছনে কুঞ্জবন এলাকায় কার্যালয় খুলে বসেছেন। সেখানে বসে তিনি একটি বাহিনী চালান। রামপুরা ও বনশ্রী এলাকার বিরোধপূর্ণ বাড়ি-জমি দখল করা বা করে দেওয়া এই বাহিনীর কাজ।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্র জানায়, কামাল নবম সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সহকারী একান্ত সচিব (এপিএস) জামাল হোসেনের ভাই। ভাইয়ের নাম ব্যবহার করে গত পাঁচ বছর তিনি রামপুরা ও বনশ্রী এলাকায় ব্যাপক জমি দখল করেছেন। ওই সব এলাকায় তাঁর বাহিনীকে চাঁদা না দিয়ে নতুন বাড়ি করা সম্ভব নয়। কামাল ও তাঁর সহযোগীদের গ্রেপ্তারের পর গতকাল স্থানীয় অনেক লোক রামপুরা থানায় ভিড় করেন।
থানার সামনে কামালের বোন রিক্তা আক্তার দাবি করেন, তাঁর বড় ভাই জামাল সাবেক সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর এপিএস। কামালও ব্যবসার পাশাপাশি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি দাবি করেন, কেউ ষড়যন্ত্র করে কামালকে অস্ত্র দিয়ে পুলিশে ধরিয়ে দিয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপাসিন্ধু বালা জানান, ডিজিটাল কামাল রামপুরার চিহ্নিত চাঁদাবাজ ও ভূমিদস্যু। কামালের বিরুদ্ধে শুধু রামপুরা থানায়ই আটটি মামলা ও দুটি জিডি রয়েছে।