রামপুরায় কাঁচাবাজার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোনো বাজার নেই। তাই ঢাকা উত্তরের ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এভাবেই রাস্তার ওপরে বসেছে বাজার l প্রথম আলো
কোনো বাজার নেই। তাই ঢাকা উত্তরের ২২ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে এভাবেই রাস্তার ওপরে বসেছে বাজার l প্রথম আলো

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২২ নম্বর ওয়ার্ডে লক্ষাধিক ভোটারের বসবাস। কিন্তু এই এলাকায় নেই সিটি করপোরেশনের কোনো কাঁচাবাজার। ফলে ওয়ার্ডের একাধিক স্থানে অবৈধভাবে বসেছে তরিতরকারি ও মাছের দোকান। দৈনন্দিন বাজার করতে ওয়ার্ডের বাসিন্দাদের পোহাতে হচ্ছে দুর্ভোগ।
পূর্ব রামপুরা, পশ্চিম রামপুরা, উলন লেন, বাগিচার টেক, মহানগর আবাসিক এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২২ নম্বর ওয়ার্ড। ২০১৫ সালে ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনের আগে দেওয়া ভোটার তালিকা অনুযায়ী এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ১ লাখ ১ হাজার ৪৫ জন। ১ দশমিক ৮০৮ বর্গকিলোমিটার আয়তনের এই ওয়ার্ডে নেই সিটি করপোরেশনের কোনো স্থায়ী বাজার।
ওয়ার্ড কাউন্সিলর মো. লিয়াকত আলী প্রথম আলোকে বলেন, ওয়ার্ডে একটি কাঁচাবাজার খুব প্রয়োজন। এক লাখের বেশি ভোটার, অথচ নির্ধারিত কোনো বাজার নেই। নানান জায়গায় সড়কে বাজার বসে। এলাকার বাসিন্দারা বলেছেন স্থায়ী কাঁচাবাজারের জন্য।
স্থায়ী কাঁচাবাজার না থাকায় ওয়ার্ডের উলন রোড, ওয়াপদা রোড, পূর্ব রামপুরা রোড, টিভি টাওয়ার রোডসহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে বসেছে বাজার। এসব বাজার মূলত সড়কের ওপরে। ফলে একদিকে ক্রেতাদের উপকার হলেও পথচারী এবং আশপাশের বাসিন্দাদের চলাচলে অসুবিধায় পড়তে হয়।
পশ্চিম রামপুরা ওয়াপদা সড়কে রামপুরা সুপার মার্কেটের কাছ ঘেঁষে রয়েছে রামপুরা কাঁচাবাজার, যা রামপুরা বাজার নামে পরিচিত। কয়েক বছর আগে কাঁচাবাজারটি ওয়াপদা সড়কে একটি ব্যক্তিমালিকানাধীন জায়গায় ছিল। জায়গার মালিক সেখানে বহুতল ভবন করার জন্য বাজারটি উঠিয়ে দেন। এরপর থেকে বাজারের দোকানগুলো ছড়িয়ে-ছিটিয়ে যায়। বর্তমানে রামপুরা কাঁচাবাজারটি ডিআইটি রোডে মূল সড়কের ওপর বসছে।
দেখা যায়, ব্যস্ততম ডিআইটি রোডের ওপর অনেক অংশ জুড়ে এবং রামপুরা সুপার মার্কেটের পেছনের সংযোগ সড়কে তরিতরকারি, মাছ, মাংস ও ফলমূলের দোকান বসছে। এর পাশেই রয়েছে দুটি ময়লার কনটেইনার। ফলে ক্রেতা-বিক্রেতা আর রিকশার ভিড়ে এখানে প্রতিদিন দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। যানজট আর ময়লার দুর্গন্ধে চরম বিড়ম্বনায় পড়ে এ পথের যাত্রীরা।
বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা পূর্ব রামপুরার বাসিন্দা মাহবুব আলম বলেন, ‘সড়কের ওপরে বসা দোকান থেকেই কেনাকাটা করি। হঠাৎ কোনো দিন সকালে এসে দেখি বাজার নেই। পুলিশ এসে তুলে দিয়েছে। তখন আবার অন্য কোথাও যেতে হয়। স্থায়ী বাজার থাকলে তো সবারই সুবিধা।’
উলন রোডে সড়কের ওপর গড়ে উঠেছিল এমন আরেকটি বাজার। কয়েক দিন আগে বাজারটি উচ্ছেদ করে দেওয়া হয়। তবে গত বুধবার দেখা যায়, সড়কে খানিক দূরে দূরে বিক্রেতারা সবজি, মাছ নিয়ে বসেছেন। এলাকার লোকজন অনেকটা বাধ্য হয়েই এসব দোকান থেকে বাজার করছেন।
এই অবস্থা থেকে উত্তরণে মেয়রের সঙ্গে কথা বলে দ্রুতই ওয়ার্ডে একটি স্থায়ী কাঁচাবাজারের ব্যবস্থা করার আশ্বাস দেন কাউন্সিলর লিয়াকত আলী।